রাজ্যসভায় শীর্ষেই থাকল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটে পাঁচটি আসন হারিয়েও ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেস ১ নম্বর দলই থাকল। বিজেপি ও এনডিএ তাদের শক্তি কিঞ্চিৎ বাড়ালেও বিল পাস করার ক্ষেত্রে এখনো শাসক দলকে বিরোধীদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে।
দেশের ১৫টি রাজ্যের ৫৭টি রাজ্যসভার মধ্যে ৮ রাজ্যের ৩০টি আসনের প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গতকালের ভোটে ৭ রাজ্যের ২৭টি আসনের কোনো কোনোটিতে ‘ক্রস ভোটিং’য়ের আশঙ্কা ছিল। বিজেপির প্রধান লক্ষ্য ছিল রাজ্যসভায় কংগ্রেসের আধিপত্যে ঘা দেওয়া।
গতকাল ভোট হওয়া মোট ৫৭ আসনে কংগ্রেসের ছিল ১৬টি, এবার তারা পেল ১১টি আসন।
বেশি আগ্রহ ছিল ঝাড়খন্ড, হরিয়ানা ও উত্তর প্রদেশ ঘিরে। ঝাড়খন্ডের একটি আসনে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জয়ী হলেও দ্বিতীয় আসনে কংগ্রেস-বিজেপি তীব্র লড়াই হয়। কংগ্রেস-সমর্থিত ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রার্থী শেষ পর্যন্ত হেরে যান। হরিয়ানায়ও বিজেপি-সমর্থিত জি টেলিভিশনের মালিক সুভাষচন্দ্রের সঙ্গে জোর লড়াইয়ে হেরে যান কংগ্রেস-সমর্থিত লোক দলের প্রার্থী আর কে আনন্দ। এই রাজ্যে কংগ্রেস শিবিরে ফাটল ধরায় বিজেপি।
উত্তরাখন্ডের একমাত্র আসনে কংগ্রেস প্রার্থী প্রদীপ টামটা জয়ী হন। রাজস্থানের চার আসনেই জিতে যান কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুসহ বিজেপির প্রার্থীরা। উত্তর প্রদেশে কংগ্রেসের সাবেক মন্ত্রী কপিল সিবালক জয়ী হন। এই রাজ্যে সমাজবাদী পার্টির সাত প্রার্থীই জিতেছেন। বিএসপি পায় দুটি ও বিজেপি একটি। মধ্য প্রদেশেও কংগ্রেস একটি আসন ছিনিয়ে নিয়েছে। উত্তরাখন্ডে বিজেপির প্রার্থীকে হারিয়ে কংগ্রেস শুধু জেতেইনি, বিজেপির প্রার্থী দলত্যাগও করেছেন।