ভারতের শীর্ষ ধনী ফের মুকেশ আম্বানি

ভারতের ১০০ ধনীর তালিকায় আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৫০ হাজার কোটি (৩৮ বিলিয়ন ডলার) রুপি। এর মাধ্যমেই এশিয়ার শীর্ষ পাঁচ ধনীর তালিকাতেও স্থান করে নিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস সাময়িকী প্রতিবছরের মতো ২০১৭ সালে ভারতের শীর্ষ ১০০ ধনীর এই তালিকা প্রকাশ করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতে বেসরকারি খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এ নিয়ে টানা ১০ বারের মতো তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন প্রতিষ্ঠানটির কর্ণধার।
প্রতিবেদনে বলা হয়, ফোর্বসের তালিকায় ভারতীয় ধনীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ইউপ্রোর কর্ণধার আজিম প্রেমজি। তাঁর সম্পদের পরিমাণ ১ হাজার ৯০০ কোটি ডলার (১৯ বিলিয়ন)। গতবারের চেয়ে তিনি দুই ধাপ এগিয়ে এসেছেন। আর গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা সান ফার্মার দিলীপ সাংভি এবার পিছিয়ে নবম অবস্থানে আছেন। তাঁর সম্পদের পরিমাণ ১২ দশমিক ১ বিলিয়ন ডলার। এবার তৃতীয় অবস্থানে আছেন হিন্দুজা ব্রাদার্স। তাঁদের সম্পদের পরিমাণ ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলার। ১৬ দশমিক ৫ বিলিয়ন সম্পদ নিয়ে চতুর্থ অবস্থানে আছেন লক্ষ্মী মিত্তাল। আর আইরিশ ইন্ডিয়ান কনস্ট্রাকশনের কর্ণধার পালোনজি মিস্ত্রি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির অবস্থান ৪৫ নম্বরে। তাঁর বর্তমান সম্পদমূল্য ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার। গত বছর তাঁর অবস্থান ছিল ৩২ নম্বরে।
ফোর্বস সাময়িকী বলছে, গত এক বছরে ভারতের অর্থনীতির উত্থান-পতনে দেশটির ধনীদের সম্পদের খুব বেশি হেরফের হয়নি। সর্বোচ্চ ২৬ শতাংশ পর্যন্ত সম্পদ বেড়েছে অনেকের। গত বছরের তালিকায় তাকা ২৭ জনের সম্পদ বেড়ে এক বিলিয়ন ডলারের মতো।
প্রতিবেদনে আরও বলা বলা, এবারের তালিকায় নতুন করে জায়গা পেয়েছেন ভারতীয় পাঁচ ধনকুবের। এঁদের মধ্যে কুকিজ ও এয়ারলাইন ব্যবসায়ী নুসলি ওয়াদিয়া ২৫তম অবস্থানে আছেন। তাঁর সম্পদের পরিমাণ ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদের মধ্যে আছেন দিনেশ নন্দওয়ানা (৮৮তম, ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার), মোবাইল ওয়ালেট পেটিএমের বিজয় শেখর শর্মা (৯৯তম, ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার), ইয়েস ব্যাংকের রানা কাপুর (১০০তম, ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার)।