ভারতের সংসদে কালোটাকার ঝনঝনানি
কলোটাকা নিয়ে অযথা তাড়াহুড়ো করলে তা আত্মহত্যার শামিল হতে পারে বলে জানালেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদের উভয় কক্ষে দুদিনের বিতর্ক শেষে আজ বৃহস্পতিবার লোকসভায় তিনি বলেন, সুইস ব্যাংক এইচএসবিসি যে ৬২৭ জনের হিসাব সরকারের কাছে দিয়েছে, তাঁদের মধ্যে ৪২৭ জনের পরিচয় জানা গেছে। ২৫০ জন স্বীকার করেছেন, বিদেশি ব্যাংকের তাঁদের হিসাব আছে।
অর্থমন্ত্রী লোকসভায় বলেন, ভবিষ্যতে ভারত সব দেশের সঙ্গে ব্যাংক তথ্যের ‘অটোমেটিক ট্র্যান্সমিশন’ চুক্তি করবে। এই চুক্তির ফলে যে কেউ যেখানে হিসাব খুলবে, তা সঙ্গে সঙ্গেই ভারতের কাছে চলে আসবে। জেটলির বক্তব্য শেষ হওয়ার আগেই কংগ্রেস গতকাল বুধবারের মতোই ওয়াকআউট করে। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদি মিথ্যা আশ্বাস দিয়েছিলেন ১০০ দিনের মধ্যে কালোটাকা ফেরত আনবেন, দেশের প্রত্যেক মানুষ ১৫ লাখ টাকা করে পাবেন। এই মিথ্যা আশ্বাসের কোনো জবাবদিহি মন্ত্রীর জবাবি ভাষণে নেই। অথচ সরকারের বয়স ছয় মাস হয়ে গেল।
ভারতের সঙ্গে পৃথিবীর ৯২টা দেশের ডিটিটিএ চুক্তি রয়েছে। একমাত্র রোমানিয়া ছাড়া সব দেশের সঙ্গেই হিসাব গোপন রাখার ধারা রয়েছে। বিতর্কের সময় এই প্রস্তাব দেওয়া হয়, ভবিষ্যতে যাঁরাই বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের তা দেশের আয়কর বিভাগকে জানাতে হবে। জেটলি জানান, সরকার ঠিক সেটাই করতে চলেছে। আমেরিকা সম্প্রতি এক আইন করেছে, যাতে হিসাব খুললেই সেই তথ্য অন্য দেশের কাছে চলে যাবে। আমেরিকা চায়, সেই চুক্তিতে সবাই সই করুক। যে দেশ করবে না, তাদের ওপর ৩০ শতাংশ বাড়তি কর চাপানো হবে। ভারত ওই চুক্তি মানতে চলেছে বলে জেটলি ইঙ্গিত দেন।
সরকার একটু সময় নিচ্ছে কিন্তু ঠিক পথেই চলছে
জেটলি লোকসভায় বলেন, সরকার একটু বেশি সময় নিচ্ছে ঠিকই, কিন্তু ঠিক রাস্তায় চলছে। আন্তর্জাতিক যেসব চুক্তি রয়েছে, বিশেষ করে দ্বৈত কর এড়ানো চুক্তি (ডিটিটিএ), তা লঙ্ঘন হলে গোটা প্রক্রিয়াই ভেস্তে যাবে। আইন অনুযায়ী, মামলা দায়ের না হওয়া পর্যন্ত কারও নাম জানানো যায় না। তিনি জানান, যত দ্রুত সম্ভব আইন মেনে নাম জানানোর চেষ্টা সরকার চালাচ্ছে। জেটলি বলেন, ‘আমরা নিত্য শিখছি। কিন্তু ঠিক রাস্তায় হাঁটছি। ৪২৭ জনকে নোটিশ দেওয়া হয়েছে। মামলা দায়েরও হবে। এবং সবকিছুই করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে। মামলা দায়ের না করে নাম প্রকাশ করা হলে সেটা আত্মহত্যার শামিল হবে। যাঁরা নাম জানানোর দাবি জানাচ্ছেন, তাঁরা আসলে সেই লোকদেরই সাহায্য করছেন যাঁদের বিদেশি অ্যাকাউন্ট রয়েছে।’
কালোটাকার জন্ম কীভাবে হচ্ছে, কারা তার জন্য দায়ী, মরিশাস দিয়ে কালোটাকা কীভাবে ভারতের বাজারে ঢুকে পড়ছে, বিভিন্ন সদস্য গত দুই দিন তার উল্লেখ করেছেন। জেটলি রাজ্যসভায় বলেছেন, ইউপিএ সরকার কিছু কাজ করেছিল কিন্তু তা সম্পূর্ণ ছিল না। সুপ্রিম কোর্ট বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিল। ইউপিএ তা মানতে চায়নি। এই সরকার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই কাজ করছে। কালোটাকার ঝনঝনানি রুখতে বহু সদস্য নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জেটলি সে নিয়ে কিছু বলেননি। দুই দিন ধরে দুই কক্ষে এ উপলক্ষে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি চলে। উঠে আসে সারদা কেলেঙ্কারি প্রসঙ্গও। তৃণমূল কংগ্রেসের সদস্যরা বৃহস্পতিবার কালো ছাতা আনেননি ঠিকই, কিন্তু তাঁরা সবাই কালো শাল চাপিয়ে সংসদে আসেন। কালোটাকার বিরুদ্ধে এটি তাঁদের প্রতীকী প্রতিবাদ।