ভারতের সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণ
ভারতের এ পর্যন্ত উৎক্ষিপ্ত সবচেয়ে বড় রকেটটি গতকাল বৃহস্পতিবার সফলভাবে মহাকাশে যাত্রা করেছে। এতে যুক্ত রয়েছে মানুষবিহীন একটি ক্যাপসুল। এই সাফল্যকে ভারতের উচ্চাভিলাষী মহাকাশ পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। খবর এএফপি ও রয়টার্সের।
জিএসএলভি এমকে-থ্রি নামের রকেটটি অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়। এতে করে আগের তুলনায় ভারী জিনিসপত্র মহাকাশে পাঠানো সম্ভব বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)।
নতুন রকেটটিতে সংযুক্ত ক্যাপসুলে তিনজন মানুষ পরিবহনের ব্যবস্থা রয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের ২০ মিনিট পরে ক্যাপসুলটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয় এবং বঙ্গোপসাগরে ভারতীয় উপকূলের কাছাকাছি নিমজ্জিত হয়।
৬৩০ টনের এই রকেট চালু করার মধ্য দিয়ে মহাকাশ প্রযুক্তিশিল্পের ৩০ হাজার কোটি মার্কিন ডলারের আরও বড় অংশ দখল করার আশা করছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরীক্ষামূলক উৎক্ষেপণকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি তাঁর দেশের বিজ্ঞানীদের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের আরেকটি বিজয়।
মানুষবিহীন এই অভিযানে রকেটটির সামর্থ্য পরীক্ষা করে দেখা হবে। এর ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে মহাকাশে মানুষবাহী নভোযান পাঠানোর সম্ভাবনাও যাচাই করতে পারবে আইএসআরও।