ভারতের সর্বোচ্চ মিনার হচ্ছে হাওড়ায়
ভারতের সবচেয়ে উঁচু মিনার ফতেহপুর বুর্জকে ছাড়িয়ে নতুন সর্বোচ্চ মিনার তৈরি হতে যাচ্ছে কলকাতার অদূরে হাওড়ায়।
পাঞ্জাবের ফতেহপুর বুর্জের উচ্চতা ৩২৮ ফুট। আর হাওয়ার নতুন মিনারের উচ্চতা হবে ৪০০ ফুট। এর নাম রাখা হয়েছে পঞ্চদ্বীপ মিনার।
গতকাল সোমবার বিকেলে এই মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরুপ রায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হাওড়ার পৌর করপোরেশন এবং পঞ্চদ্বীপ কনস্ট্রাকশন যৌথভাবে নির্মাণ করছে এই মিনার। এতে খরচ পড়বে প্রায় ২০ কোটি রুপি।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মিনার ‘কুতুব মিনার’-এর উচ্চতা ২৩৯ ফুট এবং কলকাতার ‘শহীদ মিনার’-এর উচ্চতা ১৫৭ ফুট।
পঞ্চদ্বীপ মিনারে থাকবে পাঁচটি স্তর। প্রথম স্তর থাকবে ৮০ ফুট উচ্চতায়। এখানে শিশু ও বয়স্কদের ওঠার অনুমতি থাকবে। এর পরের স্তরগুলোতে উঠতে পারবে তরুণ, তরুণী ও মধ্যবয়স্করা।
ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধের জন্য মিনারটির তলদেশ ১১৫ ফুট মাটির নিচে থাকবে। মিনারটিতে ওঠার জন্য দুটি লিফট থাকবে। প্রতিটি লিফটের ধারণ ক্ষমতা ৪০ জন। মিনারের প্রথম স্তরে ৩০০ পর্যটক দাঁড়াতে পারবেন। আগামী দেড় বছরের মধ্যে এই মিনারের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্মাণ সংস্থা।