ভারতের সীমান্তে অননুমোদিত মাদ্রাসার হদিস
বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় এক হাজারের বেশি অননুমোদিত মাদ্রাসার হদিস পেয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলোর অবস্থান পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশসংলগ্ন সীমান্তে।
বর্ধমানে বিস্ফোরণের ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে কত অননুমোদিত মাদ্রাসা আছে, তা জানতে চেয়ে চিঠি দেয়। কিন্তু উপযুক্ত পরিকাঠামো না থাকায় এই সংখ্যা দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ, এনআইএ এবং এনএসজির মতো কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করায়। এসব সংস্থার নিজস্ব অনুসন্ধানী দল অনুসন্ধান করে জানতে পারে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গের ভেতরে হাজার খানেক অননুমোদিত মাদ্রাসা আছে।
ভারতের সংবাদমাধ্যমে জানানো হয়, এসব মাদ্রাসায় কোত্থেকে টাকা আসে, শিক্ষার্থী কারা, শিক্ষক কারা, শিক্ষণ পদ্ধতি কী ইত্যাদি অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।