ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার বিদেশি ব্যাংকে গচ্ছিত ৬২৭টি হিসাব-সম্পর্কিত যাবতীয় তথ্য পেশ করল। গতকাল বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি তিনটি মুখবন্ধ খামে এসব তথ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুকে নিয়ে গঠিত বেঞ্চের কাছে জমা দেন। বিচারপতিরা সেই খাম খুলতে চাননি। তাঁরা জানিয়েছেন, কালোটাকার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে এই তথ্য তুলে দেওয়া হবে।
সিটের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এই তথ্য খতিয়ে দেখে ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক তদন্তের ‘স্ট্যাটাস রিপোর্ট’ পেশ করবেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার কথা।
বিদেশি ব্যাংকগুলোতে কালোটাকা জমা রাখা ও কর ফাঁকি দেওয়ার অভিযোগের তদন্ত ২০০৯ সাল থেকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে। কিন্তু এখন পর্যন্ত একটি হিসাবও সাধারণের গোচরে আসেনি। গত সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক হলফনামায় আটজনের এক তালিকা সুপ্রিম কোর্টে পেশ করা হয়। পরের দিন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তীব্র ভর্ৎসনা করে। প্রধান বিচারপতি এইচ এল দাত্তু বেছে বেছে এক-দুটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানানোর সমালোচনা করে জানান, যা কিছু তথ্য সরকারের কাছে রয়েছে সবকিছু বুধবারের মধ্যে মুখবন্ধ খামে জমা দিতে হবে। তিনি এই মন্তব্যও করেন, এভাবে চললে তাঁদের জীবদ্দশাতেও কালোটাকার হদিস পাওয়া যাবে না। সেই ভর্ৎসনার পরেই গতকাল সকালে তিন ধরনের নথি জমা দেওয়া হয়। একটিতে রয়েছে ৬২৭ জনের অ্যাকাউন্টের নামধাম-পরিচয়। অন্য দুটি নথির একটিতে রয়েছে এ পর্যন্ত তদন্তের ফল এবং তৃতীয় নথিতে রয়েছে এই বিষয়ে ফ্রান্সের সরকারের সঙ্গে ভারতের চিঠিপত্রের যে অাদান-প্রদান হয়েছে তা।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতকে এ কথাও বলা হয় যে অনেক ভারতীয়র নাম এই তালিকায় আছে যাঁদের বাংক হিসাব সম্পূর্ণ বৈধ এবং যাঁরা কোনোভাবেই কর ফাঁকির সঙ্গে যুক্ত নন। সংবিধান অনুযায়ী তাঁদের ব্যাংক হিসাব-সম্পর্কিত তথ্য গোপন রাখা রাষ্ট্রীয় কর্তব্য। সুপ্রিম কোর্ট সরকারকে জানান, তদন্তকারীরা কেউ অজ্ঞ নন। দেশের আইন অনুযায়ীই তালিকা দেখে বিচার করে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সিট দেখবে কর ফাঁকি দিয়ে এই অর্থ জমা রাখা হয়েছে কি না। সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলকে বলেন, কোনো কোনো দেশের সঙ্গে এই সম্পর্কিত কী কী চুক্তি রয়েছে তা যেন সিটকে জানিয়ে দেওয়া হয়।
কেন্দ্রীয় সরকার গতকাল যে ৬২৭টি অ্যাকাউন্টের তালিকা সুপ্রিম কোর্টকে জমা দেয়, সেগুলো ২০০৬ সালের তথ্য। সুইজারল্যান্ডের জেনেভায় এইচএসবিসি ব্যাংকে থাকা এই হিসাবগুলোর হদিস কেউ একজন হাতিয়ে নেয় ও তা ফরাসি সরকারের কাছে জমা দেয়। ২০১১ সালে ফ্রান্সের তৎকালীন সরকার এই তথ্য ভারত সরকারকে দেয়। ২০০৯ সাল থেকে সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট সাবেক বিচারপতি ও বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গড়ে দিয়েছে। কিন্তু ভারত সরকার বারবার বলে আসছে, চুক্তি অনুযায়ী কারও বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন না করা হলে নামধাম প্রকাশ করা যায় না। কংগ্রেস ও বিজেপি দুই সরকারেরই বক্তব্য এই ক্ষেত্রে এক। যদিও বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে তারা বিদেশি ব্যাংকে গচ্ছিত কালোটাকার মালিকদের পরিচয় জানিয়ে দেবে।
কালোটাকার তত্ত্ব-তালাশ ভারতে একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটনে সফল হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দানা বাঁধছে। সে সঙ্গে নানা ধরনের আন্তর্জাতিক আইন ও চুক্তির নিষেধাজ্ঞা পেরিয়ে অবৈধভাবে বিদেশে গচ্ছিত অর্থ দেশে ফেরত আনা সম্ভব হবে কি না, সে প্রশ্নও উঠছে।