ভারতের সেনাপ্রধানের মন্তব্য ও একজন বদরুদ্দিন আজমল

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত কেন তাঁদের নিয়ে ‘রাজনৈতিক’ মন্তব্য করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তা জানতে চাইলেন আসামের এআইইউডিএফ নেতা ও লোকসভা সদস্য বদরুদ্দিন আজমল। দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে তিনি বলেছেন, সেনাপ্রধান যা বলেছেন সরকারের উচিত তার ব্যাখ্যা দেওয়া। সেনাপ্রধানের বক্তব্য যে বিভ্রান্তির সৃষ্টি করেছে, সরকারের উচিত তার নিরসন ঘটানো।
বদরুদ্দিন আজমল এ নিয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করবেন। সোমবার থেকে শুরু হচ্ছে ভারতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেও তাঁরা সেনাপ্রধানের অভিমত নিয়ে প্রতিবাদ জানাবেন। তাঁরা দেখা করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও।
বদরুদ্দিন আজমল স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপিও দিয়েছেন। বৈঠকের সময় রাজনাথ সিংকে তিনি বলেছেন, সেনাপ্রধানের মন্তব্যে তাঁরা হতবাক। তাঁরা আরও বিস্মিত এ কারণে যে এআইইউডিএফ কেমন দল, আসামে তাদের ভূমিকা কী, আসামে অনুপ্রবেশ কীভাবে হচ্ছে, কারা তার জন্য দায়ী, কোনো বিষয়েই সেনাপ্রধানের সম্যক ধারণা নেই। স্মারকলিপিতেও সে কথাই জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এই বৈঠক প্রসঙ্গে বলেন, আজমল এবং দলীয় প্রতিনিধিরা বারবার বলেছেন, সেনাবাহিনীর প্রতি তাঁদের আস্থা অটুট। কিন্তু সেনাপ্রধানের মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে। দেশ ও রাজ্যের স্বার্থে সেই বিভ্রান্তি দূর হওয়া উচিত। সূত্রটি জানান, তাঁদের দলের সংবিধান যে ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক সে কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। তাঁরা যে অনুপ্রবেশের বিরুদ্ধে সে কথা বলেন। অনুপ্রবেশ রুখতে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে কথাও বলেন। বলেন, কাঁটাতারের বেড়া নয়, অনুপ্রবেশ রুখতে প্রয়োজনে দেওয়াল তোলার কথা সরকারের ভাবা উচিত। তাঁদের দল নিয়ে নির্বাচন কমিশনও যে কখনো কোনো আপত্তি জানায়নি রাজনাথ সিংকে তা-ও জানিয়ে বলেন, সেনাপ্রধানের মন্তব্যে তাঁর দল নিয়ে জনমানসে অন্য ধারণার সৃষ্টি হতে বাধ্য। তাই ব্যাখ্যার প্রয়োজন।
সম্প্রতি দিল্লিতে এক আলোচনাসভায় বিপিন রাওয়াত আসামে অনুপ্রবেশের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করেছিলেন। বলেছিলেন, ভারতের বিরুদ্ধে অন্য ধরনের ছায়াযুদ্ধ শুরু করেছে পাকিস্তান। চীনের মদদে বাংলাদেশের মুসলমানদের তারা আসামে পাঠাচ্ছে। এই প্রসঙ্গে সেনাপ্রধান এআইইউডিএফের বাড়বাড়ন্ত বিজেপির চেয়েও বেশি বলে উল্লেখ করেন। বলেন, অনুপ্রবেশের জন্যই আসামের আট-নটি জেলায় মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। এই মন্তব্যের দরুণ সেনাপ্রধান সমালোচিত হন। শুরু হয় বিতর্ক। কংগ্রেসসহ অন্য রাজনৈতিক দলগুলি যেমন সেনাপ্রধানের ‘রাজনৈতিক মন্তব্যের’ সমালোচনা করে, তেমন বিজেপি নেতারা সেনা প্রধানকে সমর্থন জানায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বদরুদ্দিন আজমল তথ্য দিয়ে দেখান, আসামে বিজেপির বৃদ্ধি হয়েছে ৬০০ শতাংশ। যেখানে তাদের আসন ছিল ৫টি, ২০১৬ সালে সেখানে তারা পায় ৬১টি আসন। তুলনায় রাজ্যের ১২৬টি বিধানসভার মধ্যে ২০০৬ সালে এআইইউডিএফ জেতে ১০টি আসন, ২০১১ সালে ১৮, ২০১৬ সালে ১৩টি আসন।