
তথ্য অধিকার আইন বলে করা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার সিদ্ধান্ত দিয়েছিল ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহাকু বিমান দুর্ঘটনাতেই মারা যান স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজির বংশধর এবং তাঁর গড়া দল ফরোয়ার্ড ব্লকের তীব্র প্রতিক্রিয়ার পর দৃশ্যত সে অবস্থান থেকে সরে এল সরকার।
ফরোয়ার্ড ব্লক সরকারি বিবৃতির প্রতিবাদ জানাতে ও তা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার মিছিলের ডাক দেয় কলকাতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতিকে মেনে নেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পশ্চিমবঙ্গজুড়ে নেতাজির অনেক ভক্ত, তাঁর দল ফরোয়ার্ড ব্লক ও বংশধরেরা তাইহাকু বিমান দুর্ঘটনায় মৃত্যুর তথ্যকে এই দীর্ঘ ৭২ বছর ধরে মেনে নেয়নি। ফরোয়ার্ড ব্লক সব সময় দাবি করে এসেছে, সুভাস বসু ওই দুর্ঘটনায় নিহত হননি, ‘অন্তর্হিত’ হয়েছেন। তাঁর কী হয়ে থাকতে পারে, তা নিয়ে এ পর্যন্ত গুঞ্জনের ডালপালা গজিয়েছে বিস্তর। পরবর্তী সময়ে মধ্য এশিয়াসহ একাধিক জায়গায় তাঁকে দেখতে পাওয়ার দাবিও করা হয়েছে।
এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেওয়া বিবৃতি থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে শুক্রবার সন্ধ্যায় বলেছে, ‘বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ’।ÿমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ ব্যাপারে যথাযোগ্য এবং উপযুক্ত প্রমাণ পেলে এখনো তা গুরুত্বসহকারেই পরীক্ষা করে দেখা হবে। শাহনেওয়াজ কমিটি, বিচারপতি জি ডি খোশলা কমিশন এবং বিচারপতি মুখার্জি কমিশনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই ওই উত্তর দেওয়া হয়েছিল।