ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী বরখাস্ত
ভারতে পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের পর এবার স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামীকেও বরখাস্ত করা হয়েছে। সারদা দুর্নীতি কেলেঙ্কারির তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে গতকাল বুধবার তাঁকে বরখাস্ত করা হয়। বরখাস্তের নির্দেশ পাওয়ার পর তিনি পদত্যাগ করেন। সরকারি ঘোষণার বরাত দিয়ে এনডিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, সারদা দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হওয়া কংগ্রেসের সাবেক মন্ত্রী মাতাং সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে ফোনে ‘সুপারিশ’ করেছিলেন অনীল।
অনীল সিবিআইকে ফোন করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যাপারে অভিযোগ যায়। অভিযোগে বলা হয়, স্বরাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা মাতাংয়ের ব্যাপারে সিবিআইয়ের পদক্ষেপে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, এমনকি মাতাংকে যেন গ্রেপ্তার না করা যায়, সে চেষ্টাও করেছিলেন।