ভারতের ১৯ রাজ্যে' আয়ুষ্মান ভারত' প্রকল্প

ভারতের নামীদামি বেসরকারি চিকিৎসাকেন্দ্র বা হাসপাতাল গরিব মানুষকে চিকিৎসা সুবিধা দিতে চালু করতে যাচ্ছে নতুন এক প্রকল্প। এর নাম ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে ভারতের দারিদ্র্যসীমার নিচে বাস করা রোগীরা বড় হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে। তবে তাদের প্রতিবছর প্রিমিয়াম হিসেবে দিতে হবে ১ হজার ২০০ রুপি। আর তারা প্রতিবছর ৫ লাখ রুপি পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবে। এই খরচের ৬০ শতাংশ বহন করবে ভারতের কেন্দ্রীয় সরকার। ৪০ শতাংশ খরচা সংশ্লিষ্ট রাজ্যের।
ভারতের পরিকল্পনা কমিশন এই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক অবস্থায় এই প্রকল্প চালু করা হবে বিজেপি শাসিত ১৯টি রাজ্যে। এর মধ্যে প্রথমে চালু করা হবে ভারতের উত্তর প্রদেশে। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যে।
পরিকল্পনা কমিশনের সদস্য ডি কে পাল বলেছেন, সংশ্লিষ্ট রাজ্যগুলোর কাছে এ ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। সব রাজ্যের মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের সেরা চিকিৎসালয় অ্যাপোলো, ফর্টিস, নারায়ণা গোষ্ঠীর মতো বিভিন্ন বেসরকারি চিকিৎসালয়ে মিলবে গরিবদের এই চিকিৎসার সুযোগ। কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পে বার্ষিক ১২ হাজার কোটি রুপি ব্যয় ধরা হয়েছে।