ভারতের ২৩ যুবক আইএসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্তত ২৩ জন যুবক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) নাম লিখিয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার কলকাতার সংবাদমাধ্যমে বলা হয়, ২৩ জন ভারতীয় নাগরিকের মধ্যে ছয়জন আইএসের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে। দেশে ফিরে এসেছে দুজন।

প্রতিবেদন অনুযায়ী, আইএসে যোগ দেওয়া ২৩ জনের মধ্যে ১৭ জনই দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার অধিবাসী।

গোয়েন্দা প্রতিবেদনের তথ্যমতে, কর্ণাটকের ছয়জন, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার চারজন, কেরালার চারজন, তামিলনাড়ুর তিনজন, মহারাষ্ট্রের চারজন, উত্তর প্রদেশের একজন এবং জন্মু ও কাশ্মীরে একজন আইএসে যোগ দিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, আইএসে যোগ দেওয়া ভারতীয় ব্যক্তিদের মধ্যে যাঁরা এখনো জীবিত এবং দেশে ফেরেনি, তাঁরা ইরাক ও সিরিয়ায় লড়ছেন।