ভারত-পাকিস্তান আলোচনায় অনিশ্চয়তা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের সরকারের তদন্তে উঠে আসা বেশ কিছু তথ্য ভারতকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি পাকিস্তান আরও কিছু বাড়তি তথ্য ভারতের কাছে চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, পাকিস্তানের পাঠানো রিপোর্ট নিয়ে আজ বুধবার সরকারি প্রতিক্রিয়া জানানো হতে পারে।
আলোচনার ভবিষ্যৎ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য কোনো জল্পনায় যেতে রাজি নয়। সিদ্ধান্তের ভার পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভাল আপাতত প্যারিসে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি। তাঁর সফর চূড়ান্ত করতেই দোভালের প্যারিস যাত্রা। জোর জল্পনা, প্যারিস থেকে ফেরার পথে তৃতীয় কোনো দেশে দোভালের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়ার বৈঠক হতে পারে। পাঞ্জাবের পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার পর থেকে দোভাল ও জানজুয়া পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি বলেছে, তৃতীয় কোনো দেশে দুজনের দেখা হবে কি না বা হলেও কী কথা হবে, সে বিষয়ে জল্পনার কোনো অবকাশ থাকার কথা নয়। কিছু বলার থাকলে ওঁরাই জানাবেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য যথেষ্ট আশাজনক মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার দিল্লির অদূরে উত্তর প্রদেশের নয়ডায় এক অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভারতকে পাকিস্তান আশ্বস্ত করে বলেছে, তারা উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা নেবে। ওদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমার মনে হয়, আমাদের আরও অপেক্ষা করা উচিত।’
রাজনাথের এ মন্তব্যের নানা রকম ব্যাখ্যা শুরু হয়েছে। গত সোমবার রাজনাথের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেই বৈঠকে পাঠানকোট হামলার তদন্ত নিয়ে আলোচনা হয়। গতকাল রাজনাথের মন্তব্যে মনে করা হচ্ছে, উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা নিতে পাকিস্তানকে ভারত আরও সময় দিতে প্রস্তুত। প্রশ্ন হলো, তত দিন পর্যন্ত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক স্থগিত রাখা হচ্ছে কি না। গতকাল রাত পর্যন্ত নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
আলোচনা যাতে অব্যাহত থাকে, সে জন্য অবশ্য পাকিস্তান বিশেষ আগ্রহী। পাকিস্তানের মতোই আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বলেন। তারপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি আলোচনা চালিয়ে যাওয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। এর মধ্য দিয়ে দুটি বিষয় পরিষ্কার। প্রথমত, পাকিস্তানের ওপর আমেরিকার প্রবল চাপ রয়েছে, দ্বিতীয়ত, আমেরিকা চায় আলোচনা চালানোর বিষয়ে ভারতও একটু নরম মনোভাব দেখাক। এই প্রথম দেখা গেল, এত বড় একটা হামলা হওয়া সত্ত্বেও পাকিস্তানকে ভারত সরাসরি দায়ী করেনি। তবে শেষ পর্যন্ত কী হবে, আলোচনা বাতিল নাকি কিছুদিন স্থগিত রাখা হবে, সেই জল্পনা চলছেই। পাকিস্তানের দিক থেকে বাড়তি তথ্য চাওয়ার খবরে কেউ কেউ অবশ্য মনে করছেন, পাকিস্তান সেই পুরোনো টালবাহানার খেলাই খেলে যাচ্ছে। বৃহস্পতিবারের মধ্যেই ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করা হচ্ছে।