ভারত-পাকিস্তানের দুই হাজারের বেশি নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসন্ধানী সাংবাদিকতা প্রসারে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইসিআইজে পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথির ভান্ডার দ্বিতীয়বারের মতো খুলেছে গত সোমবার। এবারের তালিকায় ভারতের প্রায় দুই হাজার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম রয়েছে। আর পাকিস্তানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ২৫৯।
সংক্ষিপ্ত নাম আইসিআইজে হিসেবে পরিচিত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস এর আগে গত ৩ এপ্রিল প্রথম ১ কোটি ১৫ লাখ নথি ফাঁস হওয়ার কথা প্রকাশ করে। প্রাথমিকভাবে কর ফাঁকি দেওয়া বা অর্থ পাচারকারী হিসেবে বিশ্বের বেশ কয়েকজন রাজনীতিক, ব্যবসায়ী, শোবিজসহ বিভিন্ন ক্ষেত্রের তারকার নাম প্রকাশ পায়। পানামার ওই প্রতিষ্ঠানের অজস্র নথি ফাঁসের এ ঘটনা ‘পানামা পেপারস’ নামে খ্যাত হয়ে ওঠে। মোসাক ফনসেকা কর রেয়াতকারী অঞ্চলে নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলতে ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা করে।
দ্বিতীয় দফায় ২ লাখ ১৪ হাজার নাম তুলে ধরেছে আইসিআইজে। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নেভাদা থেকে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসহ বিশ্বের ২১টি কর রেয়াত অঞ্চলে নানা নামে প্রতিষ্ঠান খুলেছে।
এবার প্রকাশ করা তালিকায় ভারতীয় ২২টি প্রতিষ্ঠান, ১ হাজার ৪৬ ব্যক্তি, ৪২ জন মধ্যস্থতাকারী এবং এর পাশাপাশি দেশের ভেতরের ৮২৮টি ঠিকানা উঠে এসেছে। এর মধ্যে মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইয়ের পাশাপাশি হরিয়ানা রাজ্যের সিরসাম, বিহারের মুজাফফরপুর এবং মধ্যপ্রদেশের মান্দাসারের মতো মফস্বল শহরের নামও আছে।
আইসিআইজে নথি প্রকাশ করার পর অবশ্য বলেছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হচ্ছে তারা সবাই যে আইন ভেঙে এসব কাজ করেছেন, তা নয়।
প্রথমবার প্রকাশিত নথিতে ভারতীয় চলচ্চিত্রজগতের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া রাইসহ ৫০০ জনের নাম পাওয়া যায়। ওই তালিকায় আরও ছিল ব্যবসায়ী বিনোদ আদানি, রাজনীতিক শিশির বাজোরিয়া ও অনুরাগ কেজরিওয়ালের নাম। তাঁরা সবাই অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
ওই ৫০০ ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিতে মাল্টি এজেন্সি গ্রুপ (এমএজি) গঠন করে ভারত সরকার। ভারতের জ্যেষ্ঠ কর কর্মকর্তারা এতে প্রতিনিধি হিসেবে রয়েছেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়, এবার প্রকাশিত নথিতে দেশটির ২৫৯ জনের নাম এসেছে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন করাচির বন্দর কাসিমের কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল সাত্তার দেরো, করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট শওকত আহমেদ, পাকিস্তানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা শারমিন ওবায়েদ-চিনয়ের মা সাবা ওবায়েদ, ব্যাংকার জাহাঙ্গীর সিদ্দিকীর ছেলে আলী সিদ্দিকী।
মোট ১০টি কর রেয়াতকারী অঞ্চলে এসব ব্যক্তির নামে প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়। যেসব পাকিস্তানির নাম এবারে প্রকাশিত হয়েছে এর মধ্যে ওবায়েদ চিনয় বলেন, ‘আমি আইসিআইজের প্রয়াসকে সমর্থন জানাই। এটা আমি স্পষ্ট করতে চাই যে তালিকায় আমার নাম নেই। আমার মায়ের নাম আছে। আমি পূর্ণ আস্থা নিয়ে বলতে চাই, আমার মায়ের নামে যে অফশোর কোম্পানির কথা বলা হয়েছে, তা নিয়ম মেনেই হয়েছে।’
গত মাসে প্রথম দফায় মোসাক ফনসেকার তালিকা প্রকাশের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে হাসান ও হোসেন শরিফ এবং মেয়ে মরিয়মের নাম উঠে আসে। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অফশোর কোম্পানির নামে থাকা লন্ডনের চারটি ফ্ল্যাটের বিপরীতে ডাচ ব্যাংক থেকে ৭০ লাখ ডলার ঋণ নেন। এ ঘটনার পর পাকিস্তানের বিরোধী দল নওয়াজের পদত্যাগ দাবি করে।