ভালুকের ফুটবল নৈপুণ্য
ছেলেরা ফুটবল খেলছিল। হঠাৎ সেখানে হাজির দুই বন্য ভালুক। বল ফেলে ছেলেরা পালিয়ে গেলে ওই দুই ভালুক ওই ফুটবল নিয়ে দেখাতে শুরু করে তাদের কসরত।
ঘটনাটি সম্প্রতি ঘটেছে ভারতের ওডিশায় নবরংপুর জেলার সুকিগাঁওয়ে। ভালুকের ফুটবল খেলার ওই দৃশ্যের ভিডিও মুঠোফোনে ধারণ করেন স্থানীয় লোকজন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি ভালুক তার মুখ দিয়ে ফুটবল হাওয়ায় ভাসিয়ে তা নিয়ে খেলছে। এ ছাড়া পা দিয়েও বল নিয়ে নানা কসরত দেখাচ্ছে ভালুকটি। আরেকটি ভালুক বল কেড়ে নেওয়ার জন্য ছুটতে দেখা যায়। দুই ভালুকের এই খেলা দেখে অনেকেই হাততালি দিতে থাকেন। পরে একটি ভালুক বলটি মুখে নিয়ে দৌড় দেয়।
এরপর দুটি ভালুকই ঘন বনে অদৃশ্য হয়ে যায়। টুইটারে ভিডিওটি হাজারো বার দেখা হয়েছে। অনেকে এর প্রশংসাও করেছেন। দুই ভালুকের খেলা দেখে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন ‘মেসি’ ও ‘রোনাল্ডো’।
সংবাদমাধ্যম এএনআইকে বিভাগীয় বন অফিস বলেছে, ওই বন্য ভালুক দুটি বল পরীক্ষা করতে গিয়ে তাদের প্রাকৃতিক প্রবৃত্তি প্রদর্শন করেছে। যে বস্তু কখনো তারা দেখেনি, তার জন্য এ প্রবৃত্তি দেখিয়েছে তারা।