ভিডিও ফাঁস, রাখি সাওয়ান্ত বললেন অন্য কারও

নারী দিবসে সানি লিওনকে নিয়ে পরিচালক রাম গোপাল ভার্মার টুইটকে সমর্থন করে খবরের শিরোনাম হন বলিউডের আলোচিত ও সমালোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। টুইট রিটুইট চলে কয়েক দিন। এরই মধ্যে আবার খবর বের হলো, রাখির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে শোরগোল পড়ে যাওয়া এই ভিডিওতে দেখা যায়, তিনি পোশাক পরিবর্তন করছিলেন। তবে নানান সময় বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় থাকা এ অভিনেত্রী জানান, ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি রাখি নন, তারই মতো দেখতে অন্য কোনো নারী।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরে পোশাক বদল করছেন ৩৮ বছর বয়সী রাখি। ঘরেই কোনো স্থানে গোপনে রাখা ক্যামেরায় ধরা পড়ে পোশাক বদলের ওই ঘটনা। তবে তাঁর অজান্তেই ঘটে এ ঘটনা। তবে এই ভিডিও কে করেছেন, তা জানা যায়নি।
ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই ভিডিও দেখার পরে রাখি জানিয়েছেন, তিনি ওই নারী নন। কয়েক বছর আগে রাহুল গান্ধীকে বিয়ে করতে চেয়ে আলোচনার জন্ম দেওয়া বলিউড তারকা রাখি সাওয়ান্ত বলেন, ‘ওই ভিডিও দেখে আমি হতাশ। আমি গত ১১ বছর ধরে সিনেমা জগতে কাজ করছি। এমন অভিজ্ঞতা আগে হয়নি। আমি জানি না তিনি কে। দেখতে হুবহু আমার মতোই। সে আমার ডুপ্লিকেট। কিন্তু আমি নই। এটা নিয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু শক্ত মনের মানুষ। এই ভিডিও আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’

সানি লিওন যেভাবে পুরুষদের আনন্দ দেয়, প্রত্যেক নারীর সেভাবে পুরুষদের আনন্দ দেওয়া উচিত—৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পরিচালক রাম গোপাল ভার্মা এ মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েন। এ মন্তব্যের পরই তাঁকেই সমর্থন করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ বলে খ্যাত রাখি সাওয়ান্ত। রাখি সাংবাদিকদের বলেন, ‘রাম গোপাল ভার্মা যা বলেছেন, তা সম্পূর্ণ ঠিক। তিনি তো শুধু সানি লিওনকে নিয়ে বলেছেন। আমি সব নারীকেই বলব। পুরুষদের কীভাবে আনন্দ দিতে হয়, তা নারীদের শেখা উচিত। নারীরা সারা জীবন নিজেদের রান্নাঘরে আবদ্ধ রাখেন, সন্তানদের সময় দেন। ফলে পুরুষেরা ২০-৩০ বছরের মধ্যেই তাঁদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন অন্য কোনো আকর্ষণীয় নারীর প্রতি তাঁরা মনোযোগী হয়ে পড়েন। রাখির এ মন্তব্যের জন্য অনেকেই সমালোচনা করেছেন। তবে নারী দিবসে তাঁর যাবতীয় টুইটের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন রাম গোপাল ভার্মা।