ভিন রাজ্য থেকে ফিরে আসতে মমতার আহ্বান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যাঁরা ভিন রাজ্যে কাজের জন্য এই রাজ্য থেকে পাড়ি জমান, তাঁরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন বা কাজ নিয়ে সমস্যায় পড়েন, তবে ফিরে আসুন। বাংলা আপনাদের পাশে আছে। আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কাজ দেবে। পশ্চিমবঙ্গে প্রচুর কাজ আছে। কোনো অভাব হবে না।’
গতকাল মঙ্গলবার পুরুলিয়ার কোটশিলায় আয়োজিত এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ্বান জানান। সম্প্রতি মালদহের আফরাজুল খান নামের এক ব্যক্তি রাজস্থানে কাজের খোঁজে গিয়েছিলেন। সেখানে তাঁকে কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ছাড়া কেরালায় কাজ করতে গিয়ে খুন হন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার শ্রমিক হেমন্ত রায়। এসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে কাজের খোঁজে ভিন্ন রাজ্যে যাওয়া শ্রমিকদের প্রতি মমতা এমন আহ্বান করেন।
মমতা বলেন, ‘অনেক ছেলেমেয়ে আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে যান। আবার বহু ছেলেমেয়ে ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসেন। কেন তাঁদের ওপর জুলুম হবে? কেন তাঁদের খুন করা হবে? বাংলার মানুষ সবাইকে ভালোবাসে। বাংলার মানুষের ওপর অত্যাচার করা যাবে না। আর বাংলাও কারও ওপর অত্যাচার করবে না।’
ভিন্ন রাজ্যে কাজের খোঁজে যাওয়া ব্যক্তিদের ফিরে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা ভিনরাজ্যে কাজ করছেন, তাঁরা চলে আসুন। আমি চাই না আমাদের ভাই-বোনেরা বাইরে গিয়ে বিপদে পড়ুক। আমরা সাহায্য করব। ফিরে আসুন। আমাদের এখানে কাজের অভাব নেই। যাঁরা ফিরে আসবেন, তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে তাঁদের নাম নথিভুক্ত করলে এককালীন ৫০ হাজার রুপি পাবেন। ১০০ দিনের কাজ নিশ্চিত করা হবে। প্রয়োজনে ২০০ দিনের কাজও দেওয়া হবে।’
গত বছর ভারতে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের পরও পশ্চিমবঙ্গের যাঁরা কাজ হারিয়েছিলেন, তাঁদের ফিরে আসার জন্য একই রকম ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা।
এদিকে পশ্চিমবঙ্গের কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী ভিন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিরাপত্তা দিতে সেই সব রাজ্যে বিশেষ অফিস খুলতে ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।