ভিন্নমত ও বিতর্কের স্বাধীনতা গণতন্ত্রের অপরিহার্য স্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, নিজের দেশকে ভালোবাসা এবং দেশের অতীতের গরিমার সন্ধান করা স্বাভাবিক। তবে এই দেশপ্রেমের কারণে ইতিহাসের ব্যাখ্যার ক্ষেত্রে অন্ধ হওয়া এবং নিজের পছন্দের যুক্তির পক্ষে সাফাই গাইতে সত্যের ব্যাপারে আপস করা উচিত নয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস’-এ বক্তব্য দেওয়ার সময় প্রণব মুখার্জি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, কোনো কিছুকে বুদ্ধিবৃত্তিকভাবে সন্দেহ, ভিন্নমত পোষণ এবং তা নিয়ে বিতর্ক করার স্বাধীনতাকে গণতন্ত্রের অপরিহার্য স্তম্ভ হিসেবে রক্ষা করা উচিত।
ভারতের রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বহুত্ববাদ এবং সামাজিক সংস্কৃতি, ভাষাগত ও ধর্মীয় বৈচিত্র্যকেই ভারতের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে বলেন, ‘বিতর্কমূলক ভারতই আমাদের ঐতিহ্য, অস্থিতিশীল ভারত নয়।’
প্রণব মুখার্জি আরও বলেন, কোনো কিছুই যুক্তি, আলোচনা এবং বিতর্কের বাইরে থাকা উচিত নয়। যেকোনো ক্ষেত্রে উন্নতির জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইতিহাসের মতো বিষয়ের ক্ষেত্রে। সংবিধানে সুরক্ষিত অধিকারগুলোর মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা অন্যতম উল্লেখ করেন তিনি।