ভুল শুধরে সীমান্ত বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল শুধরে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল রাজ্যসভায় পাস হলো। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভুল শুধরে সীমান্ত বিল নতুন করে পেশ করেন। তা সর্বসম্মতভাবে পাস হয়ে যায়।
রাজ্যসভায় সীমান্ত বিলটি প্রথম পাস হয় ৬ মে। পরের দিনই তা লোকসভায় পাস হয়। কিন্তু রাজ্যসভায় পাস হওয়ার পর বিলটি খুঁটিয়ে দেখে ভুলগুলো ধরা পড়ে। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি নির্দেশ দেন বিলটি নতুনভাবে পাস করানোর। সেই ভুল স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল আবার বিল উত্থাপন করে গোটা বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিলটি রাজ্যসভায় উত্থাপিত হয়েছিল ২০১৩ সালে। তখন এর ক্রমিকসংখ্যা ছিল ১১৯তম সংবিধান সংশোধন বিল। কিন্তু বিলটি যখন পাস হয়, তখন তা হয়ে যায় সংবিধানের ১০০তম সংশোধন। এই পরিবর্তন বিলের শিরোনামে লেখা হলেও প্রতি ছত্রে সংশোধিত হয়নি। সুষমা বলেন, তাঁকে বলা হয়েছিল, শিরোনামে বদল আনলেই সর্বত্র তা প্রযোজ্য হয়। কিন্তু লোকসভায় সর্বত্র পরিবর্তন করা হয়। তাই ভুল শুধরে নতুন করে বিলটি পেশ করা হচ্ছে।
সুষমার ব্যাখ্যার পরে বিতর্কের তেমন কোনো অবকাশ ছিল না। তবে রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, এই ভুলের দায় মন্ত্রীর ওপর তিনি চাপাচ্ছেন না ঠিকই, তবে এই ভুলের কারণে দেশের বিড়ম্বনা বেড়েছে। এটা খুবই অস্বস্তির। ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সে জন্য সতর্ক থাকা উচিত। সিপিএমের সীতারাম ইয়েচুরি পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনাকে বারবার এটা করার কথা বলেছিলাম। কিন্তু আপনি শোনেননি। মাঝে মাঝে আমাদের কথা শুনবেন।’
কংগ্রেস আমলের পেশ করা বিল হুবহু এক থাকলেও সামান্য কয়েকটি পরিবর্তন ঘটানো হয়। যেমন, ১১৯তম সংবিধান সংশোধন বিল হয়ে যায় ১০০তম সংবিধান সংশোধন। ২০১৩ সালের জায়গায় পাস হওয়া বিলে ২০১৫ সাল বসে। আগের বিল পেশ করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। সে জায়গায় নাম বসে সুষমা স্বরাজের।