ভূমি অধিগ্রহণ নিয়ে ভুল বোঝানো হচ্ছে কৃষকদের: মোদি
ভারতের বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিল নিয়ে এবার বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিলটি নিয়ে বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন মোদি। খবর এনডিটিভির।
মোদি গতকাল রোববার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ বিলটি নিয়ে কথা বলেন। অল ইন্ডিয়া রেডিওতে অনুষ্ঠানটি প্রচারিত হয়। বিরোধীদের তীব্র আপত্তির মুখে ভূমি অধিগ্রহণ বিলটি সম্প্রতি ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়। মোদি বলেন, ‘বিলটির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুনতে শুনতে আমি সত্যিই হতবুদ্ধি হয়ে গেছি।’
মোদি বলেন, তাঁর সরকারের পাস করা বিলটি কৃষকদের স্বার্থবিরোধী নয়। বরং এটি বিগত কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ভূমি আইনের একটি সম্প্রসারণ মাত্র।
ভূমি অধিগ্রহণ বিলটি লোকসভায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস হয়ে গেলেও এটি রাজ্যসভায় পাস হবে কি না, তা নিয়ে সংশয় আছে।