ভূমি বিলের বিরুদ্ধে লড়ে যাবে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ‘কৃষকবিরোধী’ ভূমি বিলের বিরুদ্ধে লড়াই করে যাবে। দলের শীর্ষ দুই নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী গতকাল নয়াদিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘কিষান সম্মান’ সমাবেশে এ ঘোষণা দিয়েছেন। খবর পিটিআইয়ের।
সমাবেশে সোনিয়া গান্ধী অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে দেখা করার এবং তাদের দুর্দশা শোনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেই। তিনি কেবল ‘গুটিকয়েক শিল্পপতি বন্ধুর’ জন্য সময় রাখেন। লোকসভা নির্বাচনের আগে তিনি অনেক প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর ‘ফাঁকা বুলি’ আওড়াচ্ছেন। তাঁর আগ্রহ, সময় এবং অর্থ আছে কেবল বিদেশ ভ্রমণের জন্য।
কংগ্রেসপ্রধান বলেন, সরকার কৃষক ও দরিদ্র মানুষের সমস্যার কথা না শুনলেও কংগ্রেস নিজস্ব পথেই থাকবে। উন্নয়নের মানে যদি হয় গুটিকয়েক ব্যক্তির উপকার করা, কংগ্রেস অবশ্যই সে ধরনের উন্নয়নের পথে বাধা দেবে। সোনিয়া অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর সরকারের ব্যর্থতা আড়াল করার জন্যই কংগ্রেসকে উন্নয়নবিরোধী দল হিসেবে দেখাতে চাইছেন।
কৃষকদের কাজের প্রশংসা করে সোনিয়া বলেন, তাঁরা দেশের ‘অন্নদাতা এবং ভাগ্যবিধাতা’। অথচ মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই কৃষকেরা একের পর এক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ভূমি বিল নিয়ে লড়াই এখনো শেষ হয়নি।
কৃষকদের উদ্দেশে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, ‘মোদির প্রতিশ্রুতি বিশ্বাস করবেন না। তিনি যা ভাবেন, সেটা বলেন না। ভূমি বিলের বিরুদ্ধে লড়াই কেবল দিল্লিতে নয়, বিভিন্ন রাজ্যের বিধানসভায়ও চালিয়ে যেতে হবে।’