ভূমিকম্পে বিহার ও উত্তর প্রদেশে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিহারে ১০ জন ও উত্তর প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ দুপুর ১২টা ৩৬ মিনিটে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। দ্বিতীয় দফা ভূ-কম্পন অনুভূত হয় বেলা ১টা ৯ মিনিটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।
কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানান, ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, সিকিম, ওডিশা, ছত্তিশগড়সহ গোটা উত্তর-পূর্ব ভারতে ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের ঝাম এলাকা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বর্ধমান, মালদহ, কোচবিহারেও এই ভূ-কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
ভূমিকম্পের ফলে ১০ মিনিটের জন্য কলকাতা বিমান বন্দরে বিমান ওঠা-নামা বন্ধ থাকে। কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় পাতাল রেল চলাচল। কলকাতা থেকে কাঠমান্ডুর সব ফ্লাইট বাতিল করেছে ইন্ডিয়ান এয়ারলাইনস।
ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে বাড়ি ও বহুতল ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট হয়নি।
এ দিকে ভূমিকম্পের কারণে আজ পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ি কলেজের পরীক্ষা আজ খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়ায় সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।