সরকারিভাবে দুই টুকরো হয়ে গেল সংযুক্ত জনতা দল। সেই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে নিতীশ কুমারের অনুগামীদের যোগদানের সিদ্ধান্তেও সিলমোহর লাগানো হলো। গতকাল শনিবার বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে বিহারেই মহাজোটপন্থী জনতা দলের সমর্থকেরা সাংসদ শরদ যাদবের নেতৃত্বে আরজেডি নেতা লালুপ্রসাদের ডাকা জনআদালত সম্মেলনে যোগ দেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করায় নিতীশ কুমার যাঁদের বহিষ্কার করেছিলেন, শরদ যাদবের সঙ্গে তাঁরা জনআদালত সম্মেলনে যান। তার আগে লালু-অনুগামীদের সঙ্গে তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনে বিক্ষোভও দেখান।
মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে সরকার গড়ার সিদ্ধান্ত শরদ যাদব ও তাঁর মতো কিছু নেতা মেনে নেননি। এই অংশের বক্তব্য, বিজেপির বিরোধিতার জন্যই মহাজোটের জন্ম। রাজ্যের মানুষ সেই মহাজোটকে সমর্থন জানিয়েছে। বিজেপির সঙ্গে সরকার গড়ে নিতীশ রাজ্যের মানুষের রায়কে অসম্মান করেছেন। নীতিগত এই বিরোধিতা সত্ত্বেও নিতীশ কিন্তু শরদকে দল থেকে বহিষ্কার করেননি। তাঁকে রাজ্যসভায় দলের নেতৃত্ব থেকে শুধু সরিয়ে দেওয়া হয়েছে। শনিবারের বৈঠকে নিতীশের পক্ষ থেকে শরদকে আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু কংগ্রেস ও আরজেডির সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপি-বিরোধিতারই সিদ্ধান্ত নিয়েছেন শরদ যাদব।
সংসদে সংযুক্ত জনতা দলের মোট সদস্যসংখ্যা ১২। লোকসভায় ২ জন, রাজ্যসভায় ১০। এঁরা এখন কোন পক্ষে থাকেন সেটাই দেখার। রাজ্যসভায় শরদ যাদব ছাড়া অন্যরা নিতীশের সঙ্গে থাকলে এনডিএ-ইউপিএ ফারাক আরও কমে যাবে।