ভেসে গেছে অভয়ারণ্য, ১৪০ প্রাণীর মৃতদেহ উদ্ধার
বন্যায় ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য ডুবে গেছে। মারা গেছে এই অভয়ারণ্যের বহু প্রাণী। আজ শনিবার পর্যন্ত ১৪০টি প্রাণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে প্রাণীদের মৃতদেহ।
কাজিরাঙা অভয়ারণ্যের বিভাগীয় বন অধিকর্তা রোহিণী বল্লভ সাইকিয়া জানান, ১০ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সাতটি গন্ডার, ১২৭টি হরিণ, তিনটি বন্য শুয়োর, একটি মহিষ ও একটি শজারুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ আগস্ট আসামের ডিফলু নদীর পানি ঢুকে পড়ে ৪৮১ বর্গকিলোমিটার বিস্তৃত কাজিরাঙা অভয়ারণ্যে। প্লাবিত হয় অভয়ারণ্যের ৮০ শতাংশ এলাকা।
অভয়ারণ্য থেকে বেরিয়ে অনেক প্রাণী এখন খাবারের জন্য হানা দিচ্ছে জাতীয় সড়কসহ কার্বিআলংয়ের বিভিন্ন এলাকায়। বন দপ্তর থেকে অবশ্য কাজিরাঙার পাশ দিয়ে যাতায়াত করা গাড়ির গতিবেগ ২০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে রাখার অনুরোধ জানানো হয়েছে। কোনো পশু যাতে দুর্ঘটনার শিকার না হয়, এ জন্য পোস্টার ও ব্যানার লাগিয়ে এ অনুরোধ জানানো হয়।