ভেসে যান বানের জলে, ফিরলেন ফেসবুকের কল্যাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ১৬ বছর পর নিজের ঘরে ফিরতে পারছেন এক বৃদ্ধা। বন্যার পানির তোড়ে ভেসে গিয়েছিলেন তিনি। পরে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।

ভারতের আসামে বাংলাদেশ সীমান্তবর্তী ধেমাজি জেলার বাসিন্দা সুভদ্রা। ১৬ বছর আগে ভয়াবহ বন্যা হয় ওই এলাকায়। বন্যার পানির তোড়ে ভেসে গিয়েছিলেন সুভদ্রা। তখন তাঁর বয়স ছিল ৪৪ বছর। দীর্ঘ ১৬ বছর পর দেরাদুনের একটি হোমে তাঁর সন্ধান মিলল। সুভদ্রার ছেলে দুর্লভ পাতি তাঁকে দেরাদুন থেকে নিয়ে আসছেন নিজ গ্রামে।

আসাম সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব মনোজ চন্দন সাংবাদিকদের জানিয়েছেন, উত্তরাখণ্ডের একটি হোম থেকে তাঁদের কাছে সম্প্রতি খবরটি আসে। হোমের দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি জানান, ২০১৪ সালের ডিসেম্বরে তেহরি থেকে তাঁকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয় এক বৃদ্ধাকে। তাঁর শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল। হোম কর্তৃপক্ষ প্রথমে কিছু বুঝতে পারেনি। কারণ সুভদ্রা অসমিয়া ছাড়া কোনো ভাষাই বুঝতেন না। পরে দোভাষীর সাহায্য নিয়ে তাঁর আসামের ধেমাজি জেলায় বাড়ির তথ্য উদ্ধার করে ভিডিও ক্লিপিং মারফত আসাম সরকারের কাছে হোম থেকে বার্তা পাঠানো হয়।

ধেমাজি ছাত্র সংস্থার মাধ্যমে ভিডিওটি স্থান পায় ফেসবুকে। সেই ভিডিও নজরে আসে সুভদ্রার ছেলে দুর্লভের। মনোজ চন্দনের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দেরাদুনের হোমের যাবতীয় কাজকর্ম শেষ করে মাকে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুর্লভ। কিন্তু বন্যার পানিতে ভেসে সুদূর দেরাদুন কীভাবে সুভদ্রা পৌঁছালেন বা হোমে পৌঁছানোর আগে কোথায় ছিলেন তিনি, সে বিষয়ে কিছুই জানা যায়নি। কারণ এখনো নিজের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি সুভদ্রা।