ভারতের পশ্চিমবঙ্গের সাতটি পৌরসভায় গতকাল রোববার নির্বাচন হয়েছে অস্ত্রের মহড়া ও ব্যাপক উত্তেজনার মধ্যে। ভোট কারচুপি, জাল ভোট প্রদান, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুরের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে।
ভোটাররা অভিযোগ করেছেন, মোটরসাইকেলে চড়ে সশস্ত্র অবস্থায় ভোটকেন্দ্রগুলোতে দাপিয়ে বেড়িয়েছেন শাসক দলের সমর্থকেরা।
নির্বাচন হওয়া সাতটি পৌরসভার মধ্যে চারটি দার্জিলিং জেলার। সেগুলো হলো দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পৌরসভা। অন্য তিনটি পৌরসভা হলো মুর্শিদাবাদের ডোমকল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিণ ২৪ পরগনার পুজালি।
সাতটি পৌরসভার মধ্যে ছয়টি রয়েছে বিরোধীদের দখলে। এবার তৃণমূল কংগ্রেস সব পৌরসভা দখল করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল।
শাসক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রায়গঞ্জ কেন্দ্রে জোটের প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। দার্জিলিং মূলত গোর্খা জনমুক্তি মোর্চার দখলে থাকলেও এবার তৃণমূল কংগ্রেস জিএনএলএফকে সঙ্গে নিয়ে জোর লড়াইয়ে নামে।