
উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য আসামের ভোটে ‘আলি-কুলি’ আর বাঙালি ভোটব্যাংক ধরে রাখতে এবারও মরিয়া কংগ্রেস। আর সেদিকে লক্ষ্য রেখেই এবারের নির্বাচনে কংগ্রেসের স্লোগান: ‘১৫ বছরের বিশ্বাস, ১৫ বছরের বিকাশ!’ বিকাশ বা উন্নয়নেরও আগে কংগ্রেস-শাসিত রাজ্যে অবশ্য বিশ্বাস বা আস্থাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণটাও খুব স্বাভাবিক।
আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে প্রায় ২২ আসনে বাঙালি মুসলমানেরাই সংখ্যাগুরু। মোট ৪০টি আসনে বাঙালি মুসলমানদের ভোট আছে ৪০ থেকে ৮০ শতাংশ। এ ছাড়া প্রতিটি আসনেই কিছু না কিছু মুসলমান ভোট আছে। ভোটের রাজনীতিতে ‘আলি’ হিসেবে পরিচিত এই গোষ্ঠীর ভোটে অবশ্য এবারও ভাগ বসাতে চলেছে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন সারা ভারত সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা (এআইইউডিএফ)। আবার আসামের ৩০টি আসনে চা-বাগান শ্রমিকদের ভোট আছে ৩০ শতাংশেরও বেশি। কংগ্রেসের সেই ‘কুলি’ ভোটে থাবা দিতে চায় বিজেপি। আর বাঙালি হিন্দু ভোটব্যাংক এখন বহু ভাগে বিভক্ত। এমন এক প্রেক্ষাপটেও জাতপাতের লড়াইয়ে সবার ভরসা হয়ে উঠতে চাইছে কংগ্রেস।
মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সাবেক প্রধান সেনাপতি হিমন্ত বিশ্বশর্মা ১০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরও আত্মবিশ্বাসের অভাব নেই গগৈয়ের। সংখ্যালঘু এলাকায় প্রভাবশালী এআইইউডিএফের জোট করার প্রস্তাব উড়িয়ে দিয়ে একাই লড়ছে কংগ্রেস। পাল্টা ভাঙন ধরাচ্ছে বিরোধী শিবিরে। রাজ্যশাসনের দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রথম আলোর কাছে দাবি করলেন, তিনিই ফিরছেন ক্ষমতায়। এককভাবেই সরকার গড়বে তাঁর দল। এই আত্মবিশ্বাসের পেছনে তাঁর সবচেয়ে বেশি ভরসা ‘মানুষের আস্থা’।
প্রদেশ কংগ্রেসের সভাপতি অঞ্জন দত্তও প্রথম আলোর কাছে দাবি করেন, রাজ্যের সব শ্রেণির মানুষেরই ভরসার স্থল একমাত্র কংগ্রেস। কারণ, কংগ্রেস আমলে সংখ্যালঘু থেকে শুরু করে সব মানুষ ভালো আছে।
অন্যদিকে কংগ্রেসের কৌশল ভালোই বুঝেছে বিজেপি। দলের টানা চারবারের বিধায়ক মিশন রঞ্জন দাশ প্রথম আলোকে বলেন, কংগ্রেসই তো জাতপাতের রাজনীতি করছে। সংখ্যালঘু এলাকায় মুসলিম-তোষণ, আর সংখ্যাগুরু এলাকায় হিন্দুপ্রেমের রাজনীতি করছে তারা।
কংগ্রেস এখন আসামের মুসলমানদের কাছে এআইইউডিএফের থেকেও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। বদরুদ্দিন আজমলও সে রকম মনে করেন। হয়তো এ কারণে তিনিও কংগ্রেসের বিরুদ্ধে জনগণকে জাতপাত বিষয়ে ভাঁওতা দেওয়ার অভিযোগ করছেন। তবু আত্মবিশ্বাস হারাচ্ছে না কংগ্রেস। দলটির নেতারা পেশাদার প্রচারণা প্রতিষ্ঠানের মাধ্যমে ‘১৫ বছরের বিশ্বাস, ১৫ বছরের বিকাশ!’ স্লোগানটিকে রাজ্যের মানুষের মনে গেঁথে দিয়ে দুর্গ অক্ষত রাখার ভাবনাতেই এখন মশগুল।
আগামীকাল: মোটেই স্বস্তিতে নেই বিজেপি