ভোটে এবার ইস্যু বাংলা ভাষাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ ভাষাসেনা শহীদ হয়েছিলেন শিলচর স্টেশ​েন
১১ ভাষাসেনা শহীদ হয়েছিলেন শিলচর স্টেশ​েন

পূর্ব ভারতের আসামের বিধানসভার নির্বাচনে ভাষাশহীদেরাও ইস্যু হয়ে উঠলেন। বাঙালি-অধ্যুষিত বরাক উপত্যকায় নিজেদের ‘জমি’ ধরে রাখতে প্রচারের শেষ লগ্নে এসে কংগ্রেসই সামনে নিয়ে এল ভাষা আন্দোলনের সময় দলের বিতর্কিত ভূমিকার কথা। আর সেটাই এখন বিজেপির প্রচারের বড় অস্ত্র হয়ে উঠেছে।
আসামের বরাক নদের অববাহিকা অঞ্চল সংখ্যাগরিষ্ঠ ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনেকটাই আলাদা চরিত্রের। ভৌগোলিক অবস্থানও সেই বৈপরীত্যই আরও বেশি করে জিইয়ে রেখেছে। বরাক উপত্যকার একদিকে আসামের পার্বত্য জেলা, বাকি সীমান্ত ভারতীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও মেঘালয় আর বাংলাদেশের সিলেটের সঙ্গে। রাজ্যে রয়েছে ভাষাগত বৈচিত্র্য। বরাক উপত্যকার প্রায় সব মানুষেরই মাতৃভাষা বাংলা। অসমিয়ার বদলে এই মাতৃভাষা বাংলার সরকারি প্রতিষ্ঠার জন্য রয়েছে ১১ জন ভাষাসেনার আত্মবলিদানের ঘটনা। অবিভক্ত কাছাড়ের জেলা সদর শিলচর রেলস্টেশনে ১৯ মে, ১৯৬১ পুলিশের গুলিতে ১১ জন ভাষাসেনা নিহত হন। তাঁদের শহীদের মর্যাদা দিয়ে আজও স্মরণ করে আসছে বরাক। দাবি উঠছে, শিলচর রেলস্টেশনের নাম করা হোক ‘ভাষাশহীদ রেলস্টেশন’।
বিধানসভার ভোটের উত্তাপ বরাক উপত্যকাতেও লেগেছে। আর সেই উত্তাপকে নিজেদের পালে আনতে সম্প্রতি কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাংবাদিকদের সামনে দাবি করেন, ‘বরাকের ভাষা আন্দোলনে কংগ্রেসের অবদান আছে। কিন্তু বিজেপি ওই আন্দোলনে ছিল বলে তো শুনিনি!’ তাঁর এই কথাকেই পাল্টা হাতিয়ার করছে বিজেপি। শিলচরের বিজেপি বিধায়ক দিলীপ কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘১৯৬১ সালে আসামের ক্ষমতায় ছিলেন কংগ্রেস নেতা বিমলাপ্রসাদ চালিহা। গুলি চালিয়েছিল তাঁর সরকার। এখন কংগ্রেসই কৃতিত্ব দাবি করছে!’ দিলীপ কুমারের অভিযোগ, পুলিশের গুলি চালনার ঘটনার পর গঠিত মেহেরোতরা কমিশনের রিপোর্ট ৪৫ বছর ক্ষমতায় থেকেও প্রকাশ্যে আনেনি কংগ্রেস। কংগ্রেসি সরকারি দস্তাবেজে ভাষাশহীদদের এখনো ‘সমাজবিরোধী’ হিসেবে চিহ্নিত করা আছে।
আত্মপক্ষ সমর্থনে পাল্টা ব্যাখ্যা দেওয়া হচ্ছে কংগ্রেসের তরফে। শিলচর আসনের কংগ্রেস প্রার্থী বীথিকা দেবের দাবি, বরাকের ভাষা আন্দোলনের সবার সঙ্গে সেই সময়কার কংগ্রেস নেতারাও জড়িয়ে পড়েছিলেন। একই দাবি কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সাবেক সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যেরও। প্রথম আলোকে কর্ণেন্দু বলেন, ১৯ মে পুলিশ গুলি চালানোর দিন যুব কংগ্রেস নেতা হিসেবে তিনিও যোগ দিয়েছিলেন ভাষা আন্দোলনে। তাঁর মতে, তরুণ গগৈ ঠিকই বলেছেন। তবে কংগ্রেসের একটা বড় অংশই ‘অফ দ্য রেকর্ড’ বলেন, তাঁরা এর সঙ্গে একমত নন। এঁদের বক্তব্য, ভোটের মুখে বিষয়টি না আনলেই ভালো হতো।
সুশীল সমাজেরও তাই মত। বরাকের বিশিষ্ট সাংবাদিক পরেশ দত্ত প্রথম আলোকে বলেন, ভাষা আন্দোলন ছিল মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কোনো রাজনৈতিক দলই এর কৃতিত্ব দাবি করতে পারে না। শিক্ষাবিদ তপোধীর ভট্টাচার্যের কথা: বিষয়টি নিয়ে রাজনীতি না করাই ভালো। শহীদদের অমর্যাদা মানুষ বরদাশত করতে পারেন না। ‘শিলচর ভাষাশহীদ স্টেশন স্মারক সমিতির’ সভাপতি বাবুল হোড়ও একই কথা বলেন। তাঁর বক্তব্য, ‘শহীদেরা ভোট-রাজনীতির ঊর্ধ্বে।’
আসামের ভোটের প্রচার এখন তুঙ্গে। তবে বরাক উপত্যকায় ভাষাশহীদদের নিয়ে নয়া বিতর্ক কোন দিকে গড়ায়, তার জন্যও তাকিয়ে থাকতে হবে ১৯ মের দিকেই। কারণ, শিলচরের ভাষাশহীদ দিবসেই ভারতের পাঁচ রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার ভোট গণনা।