দিল্লি বিধানসভা নির্বাচনের এক দিন আগেও তুমুল বাগযুদ্ধ চলল প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আম আদমি পার্টির (এএপি) মধ্যে। গতকাল শুক্রবার বিতর্ক জমে ওঠে দুই দলের বিজ্ঞাপনকে কেন্দ্র করে।
দিল্লির নির্বাচন নিয়ে নানা জরিপ এএপিকে এগিয়ে রেখেছে। আজ অনুষ্ঠেয় ভোটের ফল গণনা হবে ১০ ফেব্রুয়ারি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
বিজেপি গতকাল অভিযোগ করে বলেছে, এএপি ভোটারদের টানতে ‘জাতপাতের’ আশ্রয় নিচ্ছে। অন্যদিকে এএপি মোদি সরকারের অর্জনগুলোর ওপর আলোকপাত করে বিজেপির পাতা জোড়া বিজ্ঞাপনের বিষয়ে আপত্তি তুলেছে।
এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে রাজস্থানের শ্রী গঙ্গানগরের বিধায়ক কামিনী জিন্দাল সিঙ্গালা যে পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন ছাপিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। বিজেপির নেতা জি ভি এল নরসিমা রাও বলেন, ‘এএপি বিশেষ একটি সম্প্রদায়ের ভোট টানার চেষ্টা করছে।’
তবে এমন দাবি নাকচ করে দিয়েছে এএপি। তাদের বক্তব্য, ওই বিজ্ঞাপনটি ছাপানোর সঙ্গে তারা সম্পৃক্ত নয়।
অন্যদিকে বিজেপির বিজ্ঞাপনটির সমালোচনা করে এএপির নেতা আশুতোষ গুপ্ত বলেন, ‘এমন বিজ্ঞাপন ছাপার টাকা বিজেপি কোথা থেকে পাচ্ছে? এ ধরনের বিজ্ঞাপন যদি টেলিভিশনে প্রচারের অনুমতি না থাকে, তবে সেগুলো সংবাদপত্রে ছাপার অনুমতি কীভাবে এল?’
ছয়টি জরিপের ফলাফল একত্র করে এনডিটিভির করা এক জরিপে বলা হয়েছে, এএপি ৩৬টি আসন পেতে পারে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য ঠিক এই সংখ্যাটিই দরকার। বিজেপি ও তাদের সহযোগী আকালি দল পেতে পারে ৩০টি আসন। কংগ্রেস পাবে মাত্র চারটি।
মোদিকে খোঁচা কেজরিওয়ালের: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেন, ভারত দেশ হিসেবে খুবই সুন্দর। তবে এটা এমন একটা জায়গা, যেখানে গত কয়েক বছরের সব ধর্মের মানুষই অন্য ধর্মীয় বিশ্বাসের লোকজনের দ্বারা আক্রান্ত হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কেজরিওয়াল গতকাল বলেন, ‘আমি মনে করি, মোদিই এ প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন। কেননা, মোদি ও ওবামা ভালো বন্ধু।’
বুখারির সমর্থন, এএপির প্রত্যাখ্যান: নির্বাচনে দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারির সমর্থন প্রত্যাখ্যান করেছে এএপি। গতকাল বুখারি এএপিকে ভোট দিতে মুসলিম ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বুখারির এই আহ্বানের পর এএপির নেতা আশুতোষ গুপ্ত বলেন, ‘যে মানুষ (ভাবি ইমাম হিসেবে) ছেলের অভিষেকে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান, তাঁর সমর্থন আমাদের দরকার নেই।...এ ইমাম যে ধরনের সাম্প্রদায়িক রাজনীতির প্রতিনিধিত্ব করেন, তা বন্ধের জন্যই এএপি লড়াই করছে।’