ভোটের ফলে থাকবে চমক, দাবি অধীরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের মধ্য পর্বে এসে রাজ্য কংগ্রেসের সভাপতি ও এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের জোটের অন্যতম রূপকার অধীর চৌধুরী এখন অনেক আত্মবিশ্বাসী। বাম আমল থেকেই ডাকাবুকো হিসেবে পরিচিত অধীর মনে করেন, যত দিন যাচ্ছে, জোট ততই শক্তিশালী হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে বেশি করে সাড়া মিলছে।
নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের দিকে ইঙ্গিত করে অধীরের দাবি, ১৯ মে ভোটের ফল ঘোষণার সময় অনেক চমক দেখা যাবে। নিজের জেলা মুর্শিদাবাদের ২২টি আসনে অবশ্য জোট পুরোপুরি হয়নি। জঙ্গিপুরে কংগ্রেসের সোহরাব আলি গতবারের বিধায়ক, এবারও কংগ্রেসের প্রার্থী। কিন্তু সেখানে সিপিএমও প্রার্থী দাঁড় করিয়েছে। জঙ্গিপুরে (রঘুনাথগঞ্জ) জনসভায় রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীর বক্তব্য, কংগ্রেস জোটধর্ম মেনে চললেও সিপিএম তা মানছে না। কিন্তু অধীরের জেলাতেই ডোমকল কেন্দ্রে সিপিএমের সাবেক মন্ত্রী ও বর্তমান বিধায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে কংগ্রেসও প্রার্থী দিয়েছে। এ ছাড়া আরও ছয় কেন্দ্রে সিপিএমের সঙ্গে বোঝাপড়ার সুবাদে কংগ্রেস প্রার্থী দিলেও বামফ্রন্টের শরিক আরএসপি সেখানে প্রার্থী দিয়ে জল ঘোলা করেছে।
বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে নিজের ঘরে বসে অধীর চৌধুরী কিছুটা রক্ষণাত্মক সুরেই বললেন, ‘ডোমকলে লড়াইটা কংগ্রেস বনাম সিপিএমের। কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিছুতেই জিততে দেব না।’ তাঁর খেদ, সিপিএমের রাজ্যনেতাদের জেলার নেতৃত্বের ওপর নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থা। ওই ডোমকলেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা সাবেক সাংসদ মান্নান হোসেনের ছেলে সৌমিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কংগ্রেস-সিপিএমের এ লড়াইয়ে তৃণমূল জিতে যাবে না তো? অধীরের দাবি, সে রকম কোনো আশঙ্কা নেই। আর আরএসপি প্রার্থীদের নিয়ে তাঁর দাবি, চিন্তার কোনো কারণ নেই। মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্গে অনেক চেষ্টা করেও তৃণমূল ফাটল ধরাতে পারেনি।