ভোটের লড়াইয়ে জয়ললিতা আর শশীকলার স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তাঁর চেন্নাইয়ের আরকে নগরের আসনটি খালি রয়েছে কয়েক মাস ধরে। এপ্রিলের ১২ তারিখ সেখানে উপনির্বাচন। এই নির্বাচন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে জয়ললিতা এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শশীকলার পরিবার। ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী জয়ললিতার ভাইঝি এবং শশীকলার ভাইপো।
ক্ষমতাসীন দল এআইএডিএমকের প্রার্থী হিসেবে আরকে নগর আসনে নির্বাচন করছেন টিটিভি দিনাকরণ। তিনি সম্পর্কে শশীকলার ভাইপো এবং আস্থাভাজন। জয়ললিতা দিনাকরণকে দল থেকে বহিষ্কার করেছিলেন। কিন্তু শশীকলা কাছে টেনে নিয়ে জেলে যাওয়ার আগে তাঁকে দলের উপ-সাধারণ সম্পাদক করে গেছেন। বলা হয়, জেল থেকে দিনাকরণ এবং নিজের পছন্দের মুখ্যমন্ত্রী পালানিসামির মাধ্যমে দল এবং রাজ্য চালাচ্ছেন শশীকলাই।
কিন্তু জয়ললিতার আসনে শশীকলার নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন প্রয়াত মুখ্যমন্ত্রীর ভাইঝি দীপা জয়াকুমার। ৪৩ বছর বয়স্ক দীপা পেশায় সাংবাদিক। তিনি ইতিমধ্যেই নিজেকে জয়ললিতার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে দাবি করেছেন। ইতিমধ্যে জোরেশোরে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন দীপা। দেখা করেছেন শশীকলার প্রধান প্রতিদ্বন্দ্বী পদত্যাগী মুখ্যমন্ত্রী পনিরসেলভামের সঙ্গে। তবে নির্বাচনী প্রচারণা নিজের মতো করেই চালাচ্ছেন তিনি।