ভোপালের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
প্রবল চাপের মুখে পড়ে মধ্যপ্রদেশ সরকার অবশেষে নিষিদ্ধ মুসলিম ছাত্র সংগঠন সিমির আট জঙ্গির নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার এই নির্দেশ দেন। তবে একই সঙ্গে তিনি জেল পালানো ওই আট সিমি জঙ্গিকে গুলি করে মারা পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছেন।
দীপাবলির রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সেন্ট্রাল জেলের এক রক্ষীকে খুন করে আট সিমি জঙ্গি পালায়। শহরের উপকণ্ঠে সেই দিনেই তাদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জঙ্গিদের মৃত্যু হয়েছে সরকার দাবি জানায়। শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, পলাতকদের আত্মসমর্পণের সুযোগ না দিয়ে ঠান্ডা মাথায় তাদের হত্যা করা হয়েছে। এই বিতর্কের মাঝেই আসে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। বিবৃতিতে বলা হয়েছে, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস কে পাণ্ডে ওই তদন্ত করবেন। সিমি জঙ্গিদের জেল থেকে পালানো ও তারপর সংঘর্ষে তাদের মৃত্যুর সব দিকই আসবে তদন্তের আওতায়।