ভোট চেয়ে নাসিরউদ্দিন শাহ ও মিঠুন চক্রবর্তীর ভিডিও বার্তা
পশ্চিমবঙ্গের লোকসভার একটি এবং বিধানসভারও একটি শূন্য আসনে ১২ এপ্রিল ভোট গ্রহণ হবে। আসানসোল লোকসভা আসনটি শূন্য হয় ওই আসনের বিজেপি সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কারণে। আর দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভার আসনটি শূন্য হয় ওই আসনের বিধায়ক ও রাজ্য মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুতে।
আসানসোল আসনে তৃণমূল প্রার্থী করেছে প্রখ্যাত বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে। আর বালিগঞ্জ আসনে প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া শিল্পী বাবুল সুপ্রিয়কে। আসানসোল লোকসভা কেন্দ্রে আরও লড়ছেন বিজেপির রাজ্য মহিলা শাখার সভানেত্রী অগ্নিমিত্রা পাল আর সিপিএমের প্রার্থী হয়েছেন পার্থ মুখার্জি।
অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সঙ্গে সিপিএমের প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম আর বিজেপির প্রার্থী হয়েছেন কেয়া ঘোষ।
এই দুই আসনের নির্বাচনী প্রচার চালাতে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন একদিকে বালিগঞ্জ আসনে প্রখ্যাত বলিউড তারকা নাসিরউদ্দিন শাহ আর অন্যদিকে আসানসোলে বিজেপি প্রার্থীর পক্ষে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।
বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম হলেন পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক স্পিকার হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিমের স্ত্রী। সায়রা হালিম প্রখ্যাত বলিউড তারকা নাসিরউদ্দিন শাহর ভাইয়ের মেয়ে। তাই নাসিরউদ্দিন শাহ এ উপনির্বাচনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন। ওই ভিডিও বার্তা সিপিএমের কর্মীরা প্রতিটি প্রচারে শোনাচ্ছেন এলাকাকার ভোটারদের।
ওই ভিডিও বার্তায় নাসিরউদ্দিন শাহ বলেছেন, ‘দলের হয়ে নয়, আমি ব্যক্তিগতভাবে সায়রা শাহ হালিমের পক্ষে এ বার্তা দিলাম। সায়রা আমার ভাইয়ের মেয়ে। ছোটকাল থেকে ওকে চিনি। বরাবরই ও সাহসী, সৎ এবং সংবেদনশীল মানুষ। তাই কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, ব্যক্তিগত তাগিদেই এ বার্তা দিলাম সায়রা হালিমের পক্ষে।’
নাসিরউদ্দিন শাহ বলেন, সায়রা ও তাঁর স্বামী চিকিৎসক ফুয়াদ হালিম দুজনেই দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে একটি চিকিৎসাকেন্দ্র চালিয়ে আসছেন অনেকটাই বিনা মূল্যে। এ কেন্দ্রে মাত্র ৫০ রুপিতে ব্যবস্থা করা হয়েছে ডায়ালাইসিস দেওয়ার। চিকিৎসা বিনা মূল্যে। তাঁরা দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছেন।
নাসিরউদ্দিন শাহর বার্তার শেষের দিকে বলা হয়, বালিগঞ্জ বিধানসভা আসনের মানুষের কাছে খুবই স্পস্ট, তাঁরা কাকে বেছে নেবেন, যিনি মানুষের হয়ে কাজ করবেন, এমন একজনকে, নাকি রং বদলানো, সুযোগসন্ধানী, সমাজে বিদ্বেষ ছড়ায়, এমন কাউকে?
অন্যদিকে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী আসানসোল আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের পক্ষে অন্য এক ভিডিও বার্তায় অগ্নিমিত্রাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
এই দুই আসনের ফলাফল ঘোষণা করা হবে ১৫ এপ্রিল।