ভোটগুরুর জাদু ফিকে হয়ে যাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটগুরু প্রশান্ত কিশোর। ছবি: ভাস্কর মুখার্জি
ভোটগুরু প্রশান্ত কিশোর। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতে ‘ভোটগুরু’ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের জাদু ফিকে হতে শুরু করেছে কি না, প্রশ্নটি এখন কড়া নাড়ছে দেশটির রাজনীতিকদের দরজায়।

ভোটগুরুকে পশ্চিমবঙ্গে আগামী বছর অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচনে সাফল্য পাওয়ার জন্য প্রচুর অর্থের চুক্তিতে নিয়োগ করেছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে মমতার দলের ব্যাপক পরাজয় হয়। পরে মমতা গত বছরের জুলাইয়ে নিয়োগ দেন ভোটগুরু প্রশান্ত কিশোরকে। তখন থেকে ভোটগুরু আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার জন্য নানা পরামর্শ দিয়ে আসছেন মমতাকে।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪টি আসনে নির্বাচন আগামী বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৬ সালে মমতার সঙ্গে ভোটগুরুর কথা হয়েছিল, কিন্তু তখন মমতা ভোটগুরুর সংস্থার সঙ্গে কোনো চুক্তিতে যাননি। গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক পরাজয়, বিজেপির উত্থান রোধ ও ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে মমতা শরণাপন্ন হন প্রশান্ত কিশোরের। চুক্তি করেন প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপিএকের সঙ্গে।

চুক্তির পর জুলাই থেকে পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থা আইপিএকে কাজ শুরু করে। বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে নানা পরামর্শ দেয় মমতাকে।

প্রথমে যে কর্মসূচি কার্যকর করেন প্রশান্ত কিশোর, তা হলো—‘দিদিকে বলো’। জনগণ টেলিফোনে দিদিকে নানা সমস্যার কথা বলেন আর দিদি সমস্যা সমাধানের পথ বাতলান। তবে পশ্চিমবঙ্গে ‘দিদিকে বলো’ কর্মসূচি এখন ফিকে হয়ে গেছে।

প্রশান্ত কিশোর বিহারের জনতা দলের (সংযুক্ত) সহসভাপতি। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের খুব কাছের মানুষ তিনি। বলা হয়, তিনিই সংযুক্ত জনতা দলের দ্বিতীয় নেতা। নিতীশ কুমারের পরই তাঁর স্থান।

নিতীশ কুমারের সঙ্গে মোদির সুসম্পর্ক থাকায় প্রশান্ত কিশোর সায় দিচ্ছিলেন না সিএএ, এনআরসি ও এনপিআর আন্দোলনে। প্রশান্ত কিশোর কার্যত নিতীশ কুমারকে বিজেপির জোট থেকে সরিয়ে আনার উদ্যোগ নেন, কিন্তু তা মেনে নিতে পারেননি নিতীশ কুমার। সম্প্রতি তিনি প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করেন, সঙ্গে বহিষ্কার করেন প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ দলের সাধারণ সম্পাদক পবন ভার্মাকেও।

এই বহিষ্কারের পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে—প্রশান্ত কিশোরের জাদু এবার ফিকে হতে চলেছে বিহার ও পশ্চিমবঙ্গে?

এ ছাড়া প্রশান্ত কিশোরের বহিষ্কারের পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, তিনি এবার কোন দিকে ঝুঁকবেন?

গত ৩০ জানুয়ারি বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের জানিয়ে দেন, ‘ওকে (প্রশান্ত কিশোর) বিজেপিতে লাগবে না। ওর বুদ্ধিতে যে চলেছে, সে-ই ডুবেছে। তৃণমূলও ডুববে।’

এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের কোনো জাদু আর কাজ করবে না। মানুষ ঘুরে দাঁড়িয়েছে বিজেপির দিকে।

বিহারের সংযুক্ত জনতা দলের নেতা অজয় অলোক বলেছেন, ‘প্রশান্ত কিশোর মোটেই বিশ্বাসযোগ্য ব্যক্তি নন। তিনি প্রধানমন্ত্রী মোদি, মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি। এখন তিনি দিল্লিতে কাজ করছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। আলোচনা চালাচ্ছেন তামিলনাড়ুর ডিএমকে নেতা স্তালিনের সঙ্গে। আলোচনায় বসেছেন রাহুল গান্ধীর সঙ্গেও। আর মমতার সঙ্গে তো রয়েছে তাঁর সখ্য, ওঠাবসা। কে তাঁকে বিশ্বাস করবে? এই “করোনাভাইরাস” যে আমাদের ছেড়ে যাচ্ছেন, তাতে আমরা খুশি। উনি এখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন।’

বলা হয়ে থাকে, প্রশান্ত কিশোরের সংস্থা ২০১২ সালে গুজরাটের নির্বাচনে দায়িত্বে থেকে তৃতীয়বারের জন্য মোদিকে ক্ষমতায় আনে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এই সংস্থার পরামর্শে ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’ আর ‘চায়ে পে চর্চা’ স্লোগান তুলে মোদিকে ক্ষমতায় আনে। ২০১৫ সালে বিহারে নিতীশ-লালু প্রসাদ জোটকে ক্ষমতায় আনে এই সংস্থা। ২০১৭ সালে ১০ বছর পর কংগ্রেসকে পাঞ্জাবে ক্ষমতায় আনে সংস্থাটি। গত বছর ২০১৯-এ অন্ধ্র প্রদেশে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন্মোহন রেড্ডিকে ক্ষমতায় আনার কারিগরও এই সংস্থা। এই ফল দেখার পর গত বছর মমতা ঝুঁকে পড়েন প্রশান্ত কিশোরের দিকে।