ভোপালে জঙ্গিরা নিহত হওয়ার দিন কী ঘটেছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ অক্টোবর রাত। ভারতে দেশজুড়ে দেওয়ালি উৎসব। চারদিকে আতশবাজির রোশনাই। এমন আলোর ঝলকানির মধ্যেই ঘটে গেল ঘটনা। এক রক্ষীকে গলা কেটে মেরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেলেন আট জঙ্গি। তাঁরা নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) সদস্য।

পরদিন ভোরে শহরের উপকণ্ঠে ওই আট জঙ্গির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা গেল। পুলিশের দাবি, পুলিশ ও সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সঙ্গে সংঘর্ষে ওই জঙ্গিরা নিহত হন।

‘জঙ্গিদের’ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন নানা প্রশ্ন উঠেছে। সত্যিই পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়েছে, নাকি এটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড? কেউবা বলছেন, তাঁদের এমন মৃত্যু হওয়ার দরকার ছিল।

পুলিশ জানায়, ওই আট জঙ্গি হলেন মোহাম্মদ খালিদ আহমেদ, মুজিব শেখ, আমজাদ খান, মেহবুব, মোহাম্মদ আকিল খলজি, আবদুল মজিদ, জাকির হুসাইন সাদিক ও মোহাম্মদ সালিক-হাদ। তাঁরা সবাই সেদিন রাত দুইটা থেকে তিনটার মধ্যে কারাগার থেকে পালিয়ে যান। তাঁদের কারও কারও বিরুদ্ধে ২ থেকে ১২টা পর্যন্ত মামলা ছিল। এর মধ্যে ছিল হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার মামলা। তাঁরা সবাই বিচারাধীন বন্দী ছিলেন। তাঁদের বিরুদ্ধে কারারক্ষী রামশঙ্কর যাদবকে গলা কেটে হত্যা করার অভিযোগ আনা হয়। এরপর চন্দন সিং নামের আরেক কারারক্ষীকে বেঁধে ১৪ ফুট উঁচু পাঁচিল টপকে পালিয়ে যান তাঁরা।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সাত ঘণ্টা পর ভোপাল শহর থেকে ১০ কিলোমিটার দূরের পাহাড়ি আচারপুরা গ্রামের মানুষ পলাতক ওই আট জঙ্গির খবর দেয়। সেখানে মুখোমুখি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। মাত্র ২০ মিনিটের মধ্যে জেলপালানো আসামিরা গুলিতে নিহত হন। একটা বনের কাছাকাছি ওই এলাকা দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), কাউন্টার টেররিজম গ্রুপ (সিটিজি) ও জেলা পুলিশ ঘিরে রাখে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দ্রুত পৌঁছে যায় যে তখনো ওই আসামিরা জীবিত ছিলেন। দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো একটি ভিডিওচিত্রে দেখা যায়, একজন পুলিশ সদস্য গুরুতর আহত আসামিকে গুলি করছেন। আরেক পুলিশ সদস্য আনন্দে লাফাচ্ছেন।

আরেকটি ভিডিওচিত্রে দেখা গেছে, হতাহত জঙ্গিদের মধ্যে একজন আত্মসমর্পণের জন্য হাত নাড়ছেন। কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। পুলিশ তাঁকে গুলি করেছে।

এ ঘটনায় কংগ্রেস, অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন (এআইএমআইএম), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই-মার্ক্স) ও আম আদমি পার্টি (এএপি) বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।

মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেছেন, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) যদি এ ঘটনার তদন্ত করে, তাহলে তা আদালতের পর্যবেক্ষণ করা উচিত।

দিগ্বিজয় সিংহের এই দাবির প্রতিক্রিয়ায় বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই দাবি থেকে বোঝা যায়, নিহত জঙ্গিদের প্রতি তাঁদের সহমর্মিতা রয়েছে। তাঁরা শুধু ভোটের রাজনীতিই করেন। কারারক্ষী রামশঙ্কর যাদবের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন।

গুলিতে ওই আট আসামি নিহত হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং। জেল থেকে আসামি পালানোর ঘটনা পুলিশের সাবেক ডিজি নন্দন দুবের নেতৃত্বে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোপালের নতুন কেন্দ্রীয় কারাগারটি শহরের প্রান্তে অবস্থিত। এই কারাগারেই পুলিশ কনস্টেবলকে হত্যা মামলার আসামি আবু ফয়সাল, আকা ডাক্তারসহ একই সংগঠনের ২৯ জন জঙ্গি আটক ছিলেন। ঘটনার রাতে স্পেশাল আর্মড ফোর্সেসের (এসএএফ) চার সেনা কারাগারের কঠোর নিরাপত্তাবিশিষ্ট ওই ভবনটি পাহারায় ছিলেন। কিন্তু তাঁরা আসামি পালানোর ব্যাপারে কিছু জানেন না। অনেকের সন্দেহ, দায়িত্ব পালনকালে ওই চার এসএএফ সেনা তাঁদের চৌকিতে ঘুমাচ্ছিলেন।

ঘটনার রাতে দেওয়ালির উৎসব থাকায় কারাগারে নিরাপত্তাব্যবস্থা এমনিতেই কঠোর ছিল। অনেক প্রহরীও ছিলেন দায়িত্বে। কারাগারটির বন্দী ধারণ ক্ষমতা ২ হাজার ৬০০ জন হলেও সেখানে বাড়তি ৩০০ বন্দী রয়েছেন। দুঃখজনক হলেও সবার জানা যে এই কারাগারের আসামিরা বাইরের খাবার, তামাক, মদসহ সবকিছুই অর্থের বিনিময়ে পান। তাহলে কারাগারের ভেতরে নকল চাবি, তালা কাটার যন্ত্র, ছুরি ও বন্দুক আসাটাও বিস্ময়ের কিছু নয়।

নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা প্রসঙ্গে মধ্যপ্রদেশ রাজ্যসভার কারামন্ত্রী কুসুম মেহদেলে বলেন, সম্প্রতি তিনি ওই কারাগারের দায়িত্ব পেয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে কারাগারের ভেতরকার কেউ জড়িত থাকতে পারেন। কারণ, কারাগারে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ঠিক ওই ঘটনার রাতেই কেন কাজ করেনি। প্রকাশ হওয়া দুটি ভিডিওচিত্র জনমনে প্রশ্ন ও বিতর্কেরও সৃষ্টি করছে। সেখানে কি পলাতক আসামিরা আত্মসমর্পণের চেষ্টা করেছিলেন? তাঁদের কাছে আদৌ কোনো আগ্নেয়াস্ত্র ছিল?

প্রশ্ন উঠেছে, ক্ষমতাসীন দল ও পুলিশ ‘তাঁরা জঙ্গি, মৃত্যুই তাঁদের প্রাপ্য’ বলে ঘটনা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে?