মজা বটে!
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে একটি ফোন এল। বলা হয়, চলন্ত গাড়ি থেকে একটি মেয়ে সাহায্য চেয়ে চিৎকার করছেন। সেই ফোন পেয়ে গত রোববার সারা রাত দৌড়ের ওপর রইল দিল্লির পুলিশ। পেরেশান পুলিশ যখন গাড়ি থেকে ওই মেয়েটিকে উদ্ধার করল, জানা গেল স্রেফ মজা করতেই ওই মেয়ে ‘হেল্প’ বলে চিৎকার করছিলেন।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এমন একটি ফোন কল আসে। তাদের বোঝানো হয়, ধাওলা কুয়ানের দিকে ছুটে চলা একটি মারুতি গাড়ি থেকে উদ্ধার করার জন্য সাহায্য চেয়ে চিৎকার করছেন এক মেয়ে। সঙ্গে সঙ্গে ধাওলা কুয়ান ট্রাফিক পুলিশকে এ ব্যাপারে সতর্ক করা হয়। পথে ব্যারিকেড দেওয়া হয়। নম্বর প্লেট দেখে থামানো হয় গাড়ি। ভেতর থেকে সনু ও জগিন্দর নামের দুজনকে নামিয়ে আটক করা হয়। পরে তাঁদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা জানান, তাঁদের বান্ধবী মজা করে করে এই সাহায্য চেয়েছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, এটি একটি ভুয়া কল ছিল। ওই ছেলেমেয়েরা বন্ধু। তাঁরা মদ্যপ অবস্থায় একটি পার্টি থেকে ফিরছিলেন। এ সময় মজার ছলে মেয়েটি চিৎকার করে সাহায্য চেয়েছেন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।