মডেলকে ধর্ষণের ঘটনায় পুলিশসহ গ্রেপ্তার ৬
মুম্বাইয়ে পুলিশের চৌকিতে ২৯ বছর বয়সী এক মডেলকে ধর্ষণের ঘটনায় গত বুধবার তিন পুলিশ ও এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার ওই নারী মডেল মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে একটি খুদেবার্তা পাঠান। এর পর মারিয়া ওই মডেলকে থানায় ডেকে পাঠান। তাঁর সঙ্গে কথা বলার পর মারিয়া এমআইডিসি পুলিশকে তাৎক্ষণিকভাবে এফআইআর গ্রহণ করতে নির্দেশ দেন।
সাকি নাকা পুলিশ চৌকির দুই সহকারী পুলিশ পরিদর্শক ও চৌকির প্রধান পুলিশ কনস্টেবলসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।
ওই মডেল অভিযোগ করেন, গত ৪ এপ্রিল ওই নারী মডেল পাঁচ-তারকা হোটেলে অডিশন দিতে গিয়েছিলেন। ফেরার পথে পুলিশ সদস্যরা তাঁকে থামিয়ে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর তাঁকে পুলিশ চৌকিতে নিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ সদস্যরা তাঁর কাছে সাড়ে চার লাখ রুপি দাবি করে। এ ছাড়া তাঁর কাছে থাকা সোনার আংটি, গলার চেইন, চুড়ি ও নগদ অর্থসহ প্রায় ৮০ হাজার রুপির জিনিস ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর এক বন্ধু এসে পুলিশকে অর্থ দিয়ে তাঁকে ছাড়িয়ে নেন। মডেল জানান, তাঁর বন্ধুকে মধ্যরাতে ওই অর্থ জোগাড় করতে কয়েকটি এটিএম বুথে ঘুরতে হয়েছে।