উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড জয়ের পর ভারতের শাসক দল বিজেপি এখন দুই প্রান্তের রাজ্য মণিপুর ও গোয়ায় সরকার গড়তে উঠেপড়ে লেগেছে। গোয়ায় ছোট দলগুলোর সমর্থন পেতে ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দল জানিয়েছে, সরকার গড়তে তারা প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকে নেতা হিসেবে পেতে আগ্রহী। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি গতকাল রোববার এই লক্ষ্যে গোয়ায় গিয়ে মনোহর পারিকরের সঙ্গে বৈঠকও করেছেন। এই প্রতিবেদন লেখার সময় সর্বশেষ খবর, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ফেলেছেন পারিকর।
উত্তর-পূর্ব ভারতের মণিপুর নিয়েও বিজেপি নাছোড়। এই পাহাড়ি রাজ্যে ১৫ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটাতে বিজেপি নেতা রাম মাধব বলেছেন, সরকার গঠনে তাঁরা ছোট দলগুলোর সঙ্গে কথা শুরু করেছেন। তিনি বলেন, ভোটের ফলেই প্রমাণিত, কংগ্রেসের ওপর রাজ্যের সাধারণ মানুষের আর ভরসা নেই। এ দুই রাজ্য নিয়ে ভারতে এখন জমে উঠেছে বিধানসভা নির্বাচন-পরবর্তী রাজনীতির লড়াই।
গোয়া বিধানসভার মোট আসন ৪০। এর মধ্যে কংগ্রেস পেয়েছে ১৭টি আসন, বিজেপি ১৩, অন্য ছোট দল ও স্বতন্ত্র মিলিয়ে ১০। সরকার গঠনে প্রয়োজনীয় ২১ আসন পেতে কংগ্রেসের দরকার মাত্র ৪ বিধায়কের সমর্থন, বিজেপির প্রয়োজন ৮। এই টানাপোড়েনে গতকাল পর্যন্ত কংগ্রেস এগিয়ে। গোয়া কংগ্রেস পার্টি জানিয়েছে, শর্তাধীনে তারা কংগ্রেসকে সমর্থন করতে প্রস্তুত। এই দল তিনটি আসনে জিতেছে। একটি আসন পেয়েছে শারদ পাওয়ারের দল এনসিপি। এই চারজনের সমর্থন পেলে কংগ্রেসের সরকার গড়তে অসুবিধা না হওয়ারই কথা। কিন্তু বিজেপি মরিয়া। তিনটি আসনে জেতা মহারাষ্ট্র গোমন্তক পার্টি জানিয়েছে, মনোহর পারিকর মুখ্যমন্ত্রী হলে তারা বিজেপিকেই সমর্থন করবে। মণিপুরকেও কংগ্রেসের হাতে ছেড়ে দিতে নারাজ বিজেপি। এই প্রথম মণিপুরে ২১টি আসনে জিতে কংগ্রেসকে প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পেরেছে তারা। ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেস পেয়েছে ২৮টি আসন। প্রয়োজন মাত্র তিন বিধায়কের সমর্থন। এই তিনজনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বিজেপি বিরোধী সরকার গড়তে তাঁর সমর্থন কংগ্রেসেরই দিকে। বাকি দুটি আসন পেতে কংগ্রেস মরিয়া। মরিয়া বিজেপিও। এই দড়ি-টানাটানিতে কারা জেতে, সেদিকেই এখন সবার নজর।
রাজধানী নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গতকাল দলটি বিজয় উদ্যাপন করে। রাজধানীতে মিছিলও হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘পাঁচ রাজ্যের এই ভোটের মধ্যে দিয়ে এক নতুন ভারতের জন্ম হয়েছে। মানুষ এই নয়া ভারতকে দেখতে পাচ্ছে।...এই ভোটে কে জিতল, কারাই বা হারল, সেভাবে আমি দেখি না। আমি দেখি, মানুষের আশা কীভাবে আমি পূরণ করতে পারি।’
