উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে জমে উঠেছে ভোটের লড়াই। একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী ইবোবি সিংয়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কংগ্রেস, অন্যদিকে ক্ষমতায় যেতে মরিয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
৬০ সদস্যের মণিপুর বিধানসভার ভোট আগামী ৪ ও ৮ মার্চ। নাগা ও মণিপুরি ভাষাভাষী এই পাহাড়ি রাজ্যে গত বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ৪২টি আসনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো কংগ্রেস নেতা ইবোবি সিং মুখ্যমন্ত্রী হন। তৃণমূল ৭টি আসন নিয়ে বিরোধী দলের মর্যাদা লাভ করে। বিজেপি খাতাই খুলতে পারেনি। পরবর্তী সময়ে দুই তৃণমূল বিধায়ক ছাড়াও পাঁচ মণিপুর স্টেট কংগ্রেস পার্টির বিধায়ক কংগ্রেস শিবিরে যোগ দেন। এতে ইবোবির গদি আরও পোক্ত হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও এ রাজ্যে ভালো ফল করে কংগ্রেস। গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়জয়কার হলেও মণিপুরের দুটি আসনেই কংগ্রেস জয়লাভ করে। ভোট পায় ৪১ দশমিক ৭০ শতাংশ। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া পায় ১৪ শতাংশ। আর বিজেপি পায় ১১ দশমিক ৯০ শতাংশ ভোট।
তবে এবারের হিসাবটা অন্য রকম হতে পারে। অ্যাক্সিস-ইন্ডিয়া টুডে ওপিনিয়ন পোল বলছে, কংগ্রেসের খাসতালুক মণিপুরে পদ্মফুল ফুটবে এবার। ৬০টির মধ্যে বিজেপি ৩১ থেকে ৩৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ২৪টি আসন।
এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লি থেকে হুংকার দিয়েছেন, মণিপুরে এবার তাঁদেরই সরকার প্রতিষ্ঠিত হবে। সেই মতো আসামের মন্ত্রী হীমন্ত বিশ্বশর্মাকে সামনে রেখে ঝাঁপিয়েও পড়েছে দলটি। বিজেপির রাজ্য সভাপতি কে ভবানন্দ সিংও দাবি করেছেন, মণিপুরে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
তবে মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি গাইখাহাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওপিনিয়ন পোল ভুল প্রমাণ করে মণিপুরে টানা চতুর্থবারের মতো কংগ্রেস সরকার গঠন করবে।
৪ ও ৮ মার্চ দুই দফায় ভোট হওয়ার পর মণিপুরের ভোট গণনা হবে ১১ মার্চ। সেদিনই আসলে বোঝা যাবে মণিপুরে সরকার গড়ছে কারা।