মণিপুর বিধানসভার ভোট শুরু কাল
কড়া নিরাপত্তার মধ্যে কাল শনিবার ভারতের মণিপুরে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হবে। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৩৮টি আসনে ১৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে কাল।
শনিবার ভারতীয় সময় সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রথম দফার ভোটে ভোটার সংখ্যা ১১ লাখ ১৯ হাজার ২৭১ জন। ভোট গ্রহণের বুথ করা হয়েছে ১ হাজার ৪৮৭টি।
মণিপুরের মুখ্য নির্বাচন আধিকারিক দীপক কুমার দেবাঙ্গন সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম দফার নির্বাচনেও ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে মূল লড়াই হবে বিজেপির। বিজেপি ৩৮ আসনের সব কটিতে প্রার্থী দিলেও কংগ্রেসের প্রার্থী রয়েছে ৩৭ আসনে। ১৬৮ জনের প্রার্থী হলফনামা পরীক্ষা করে দেখা গেছে, এঁদের মধ্যে আটজন স্বীকার করেছেন অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার কথা। তাঁদের মধ্যে বিজেপির চারজন ও কংগ্রেসের দুজন প্রার্থী।
দেখা যাচ্ছে, প্রার্থীদের বয়সের ক্ষেত্রেও বিরাজ করছে বার্ধক্যেরই জয়গান। ৯৫ জনেরই বয়স ৫১ বছরের বেশি। নির্বাচনের আগ মুহূর্তেও হিংসার বিরাম নেই মণিপুরে। ১ নভেম্বর থেকে সড়কপথে অবরুদ্ধ রাজ্যটিতে ভোটের মুখেও বিভিন্ন দলের প্রার্থীদের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ চলছেই। তবে হতাহতের কোনো খবর নেই। গোটা রাজ্যকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ভারতের খোদ উত্তর পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি মণিপুরের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখে যান। জঙ্গি দমনে সেনা অভিযান ছাড়াও নির্বাচনকে শান্তিপূর্ণ করতে প্রচুর আধা সেনাও নিয়োগ করা হয়েছে। মিয়ানমার সীমান্তে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।
মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিটি বুথে থাকছে আধা সেনার নজরদারি।