মণিপুরে আরও চার বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে
উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসকে শক্তিশালী করার ডাক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ধাক্কা খেল শতাব্দীপ্রাচীন দলটি। শুক্রবার মণিপুরে কংগ্রেসের চার বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে আরেকটু মজবুত হলো রাজ্যটির সংখ্যালঘু বিজেপি সরকার।
কংগ্রেস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়া চার বিধায়ক হলেন ওয়াই সুচন্দ্রা, এন হাওকিপ, ও লুখোই এবং এস বিরা।
উত্তর-পূর্ব ভারতের চার রাজ্যে বছরখানেকের মধ্যে নির্বাচন হবে। গত বৃহস্পতিবার মণিপুরসহ এই অঞ্চলের দলীয় নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা প্রথম আলোকে জানিয়েছিলেন, বৈঠকে ঠিক হয়েছে, কংগ্রেস ঘুরে দাঁড়াবে। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বিপর্যয়ের মুখে পড়ে মণিপুরের কংগ্রেস।
সদ্যসমাপ্ত মণিপুর বিধানসভা নির্বাচনে ৬০ আসনের মধ্যে ২৮টি পেয়ে কংগ্রেস একক বৃহত্তম দল হয়। বিজেপি পায় ২১টি আসন। কিন্তু আঞ্চলিক দলের সমর্থন ও কংগ্রেস বিধায়কদের ভাগিয়ে এনে বিজেপি সরকার গঠন করে।
মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের দাবি, রাজ্যের উন্নয়নে শামিল হতেই অন্য দলের বিধায়কেরা বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু রাজ্য কংগ্রেস সভাপতি টি এন হাওকিপ বলেন, ‘শুধু ক্ষমতার লোভে চলছে দলবদল।’