মণিপুরে কংগ্রেসের চার বিধায়ক গেলেন বিজেপিতে
উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসকে শক্তিশালী করার ডাক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ভাঙনের শিকার হয়েছে শতাব্দীপ্রাচীন দলটি। গতকাল শুক্রবার মণিপুরে কংগ্রেসের চার বিধায়ক—ওয়াই সুচন্দ্রা, এন হাওকিপ, ও লুখোই এবং এস বিরা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। এতে আরও মজবুত হলো রাজ্যটির সংখ্যালঘু বিজেপি সরকার।
উত্তর-পূর্ব ভারতের চার রাজ্যে বছর খানেকের মধ্যে নির্বাচন হবে। এর আগে দিল্লিতে গত বৃহস্পতিবার মণিপুরসহ এই অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা প্রথম আলোকে জানান, বৈঠকে ঠিক হয়েছে, কংগ্রেস ফের ঘুরে দাঁড়াবে।
কিন্তু বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই ফের বিপর্যয়ের মুখে পড়েছে মণিপুরের কংগ্রেস।
সদ্য সমাপ্ত ৬০ সদস্যের মণিপুর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ২৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে জয়লাভ করে। ১৫ বছর কংগ্রেস শাসনের পর বিজেপি পায় ২১টি আসন। কিন্তু আঞ্চলিক দলের সমর্থনের পাশাপাশি কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে এনে বিজেপি সরকার গড়ে। প্রথম দিনই কংগ্রেস বিধায়ক টি শ্যামকুমার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে গিনসুঅনু জৌ বিজেপি শিবিরে যোগ দেন। একই পথে হাঁটেন তৃণমূলের বিধায়ক রবীন্দ্র সিং। এত দিন অবশ্য দলের লাইনের বাইরে গিয়ে তৃণমূল বিধায়ক হিসেবেই বিজেপির সরকারকে সমর্থন করছিলেন রবীন্দ্র। গতকাল তিনি সরাসরি বিজেপিতে যোগ দেন। একই সঙ্গে কংগ্রেসের ওয়াই সুচন্দ্রা, এন হাওকিপ, ও লুখোই এবং এস বিরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। তাঁদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও প্রদেশ সভাপতি কে ভবানন্দ।
মুখ্যমন্ত্রী বীরেন সিং সাংবাদিকদের সামনে দাবি করেন, রাজ্যের উন্নয়নে শামিল হতেই অন্য দলের বিধায়কেরা শাসক দলে যোগ দিচ্ছেন।
তবে এ কথা মানতে নারাজ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি টি এন হাওকিপ দলবদল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘নীতি-আদর্শের কোনো বালাই নেই। শুধু ক্ষমতার লোভে চলছে দলবদল। এমনকি দলত্যাগ আইনেরও পরোয়া করছেন না বিধায়কেরা।’
নির্বাচনের ফল যা-ই হোক না কেন, গতকালের দলবদলের পর বিজেপির পরিষদীয় দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৮। আর কংগ্রেসের ২২। তৃণমূল শূন্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, বিজেপি পরিষদীয় দলের সংখ্যা আরও বাড়তে পারে।