মণিপুরে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি
উত্তর-পূর্ব ভারতের মণিপুরে প্রথমবারের মতো ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি দিল্লি থেকে ইতিমধ্যেই হুংকার দিয়েছেন, মণিপুরে এবার তাঁদের সরকারই প্রতিষ্ঠিত হবে। সেইমতো আসামের মন্ত্রী হীমন্ত বিশ্বশর্মাকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। অতীতের সব অঙ্ককে ভুল প্রমাণ করতে মরিয়া বিজেপি নেতারা।
৬০ সদস্যের মণিপুর বিধানসভার ভোট আগামী ৪ ও ৮ মার্চ। দুই দফায় এই ভোটে ক্ষমতাসীন কংগ্রেস, বিজেপি ছাড়াও তৃণমূল কংগ্রেসও সব কটি আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। নাগা ও মণিপুরিভাষী এই পাহাড়ি রাজ্যে গত বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ৪২টি আসনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো কংগ্রেস নেতা ইবোবি সিং মুখ্যমন্ত্রী হন। তৃণমূল সাতটি আসন দখল করে বিরোধী দলের মর্যাদা লাভ করে। বিজেপি খাতাই খুলতে পারেনি। পরবর্তী সময়ে দুই তৃণমূল বিধায়ক ছাড়াও পাঁচ মণিপুর স্টেট কংগ্রেস পার্টির বিধায়কও কংগ্রেস শিবিরে যোগ দিয়ে ইবোবির গদি আরও পোক্ত করেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনেও ভালো ফল করে কংগ্রেস। গোটা দেশে নরেন্দ্র মোদীর জয়জয়কার হলেও মণিপুরের দুটি আসনেই কংগ্রেস জয়লাভ করে। ভোট পায় ৪১ দশমিক ৭০ শতাংশ। বিজেপির ভাগে ভোট জোটে মাত্র ১১ দশমিক ৯০ শতাংশ। তাদের তুলনায় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া ১৪ শতাংশ ভোট পেয়ে ভালো ফল করে। এই অবস্থাতেও বিজেপি মণিপুরে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর।
ইতিমধ্যেই অ্যাক্সিস-ইন্ডিয়া টুডে ওপিনিয়ন পোলও বলছে, কংগ্রেসের খাসতালুক মণিপুরেও ফুটছে পদ্মফুল (বিজেপির প্রতীক)। ৬০টির মধ্যে বিজেপি নাকি ৩১ থেকে ৩৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ২৪টি। মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি গাইখাহাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওপিনিয়ন পোলের হিসাব ভুল প্রমাণ করে টানা চতুর্থবারের মতো কংগ্রেস সরকার মণিপুরে প্রতিষ্ঠিত হবে।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি কে ভবানন্দ সিংয়ের দাবি, এবার মণিপুরে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রতিষ্ঠা করবে। মণিপুরের ভোট গণনা ভারতের বাকি চার রাজ্যে সঙ্গে একযোগে আগামী ১১ মার্চ। সেদিনই বোঝা যাবে মণিপুরে কারা গড়ছে সরকার। কংগ্রেসের একদা দুর্গ বলে পরিচিত উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যের মধ্যে বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সরকার রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও সিকিমে। কংগ্রেস রয়েছে মেঘালয়, মিজোরাম ও মণিপুরে। অপর রাজ্য ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে সিপিএম।