মণিপুরে প্রথমবারের মতো বিজেপি সরকার, শপথ বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে আগামীকাল বুধবার প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। রাজ্যপাল নাজমা হেফতুল্লা এদিন ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির পরিষদীয় দলের নেতা নংথমবম বীরেনকে শপথ পড়াবেন। তাঁর সঙ্গে আরও দু-একজন মন্ত্রী শপথ নিতে পারেন বলে জানা গেছে।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিং পদত্যাগপত্র পেশ করে সরকার গঠনের দাবি জানান। কিন্তু বিজেপিকেই সরকার গড়ার ডাক দেন রাজ্যপাল।

৬০ সদস্যের রাজ্য বিধানসভায় কংগ্রেসের আসন ২৮টি। বিজেপি জিতেছে ২১টিতে। সরকার গঠনে প্রয়োজন ৩১ সদস্যের সমর্থন। কংগ্রেস তিন সদস্যের সমর্থন জোগাড়ে ব্যর্থ হলেও বিজেপি ১০ সদস্যকে নিজেদের পালে এনে রাজ্যপালের সামনে হাজির করতে সক্ষম হয়। এর প্রতিবাদে সোচ্চার কংগ্রেস। অভিযোগ উঠছে ভোট কেনাবেচার। তবে বিজেপি সরকার গড়লেও সেই পথ যে মসৃণ হবে না, সেটা আজ মঙ্গলবারই স্পষ্ট হয়ে ওঠে।

চার সদস্যের ন্যাশনাল পিপলস পার্টির সাধারণ সম্পাদক বিবেকরাজ ওয়াংখেম সাংবাদিকদের জানান, তাঁদের দলের চারজনকেই মন্ত্রী করতে হবে। একই দাবি নাগাল্যান্ড পিপলস পার্টিরও। তাঁদের দাবি, চার দলীয় বিধায়কের পাশাপাশি আরও চার নাগা বিধায়ককে মন্ত্রী করতে হবে। মন্ত্রিত্বের দাবি রয়েছে নির্দল ও অন্য বিধায়কদেরও। কিন্তু ভারতীয় নিয়ম অনুযায়ী মণিপুরে সর্বাধিক ১২ সদস্যের মন্ত্রিসভা গঠিত হতে পারে। এখন দেখার বিষয় হলো সমর্থনের বিনিময়ে মন্ত্রিত্বপ্রত্যাশীদের কীভাবে বাগে আনে বিজেপি।