মণিপুরে বিস্ফোরণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যের বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিপুরের রাজধানী ইম্ফলে জাদুঘরের পাশে এ ঘটনা ঘটে। আহত দুই বছরের শিশু ও সিআরপিএফের দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর পূর্ব ভারতে আসামের পর মণিপুরে জঙ্গি আক্রমণ হলো।

রাজ্য পুলিশ প্রধান এল এম খউতে মোবাইলে প্রথম আলোকে জানান, জখম জওয়ানরা সকলেই কুইক রেসপন্স গ্রুপের (কিউআরপি) সদস্য। রাজভবনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পেছনে কোন জঙ্গি দল জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলেও পুলিশ প্রধান জানান।
এল এম খউতে আরও জানান, দুষ্কৃতকারীদের ধরতে তল্লাশি চলছে। শহরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, আসামের কোকড়াঝাড়ে আজ শুক্রবার সাপ্তাহিক হাটে ‘জঙ্গি’ হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে একজন হামলাকারী নিহত হয়।