মণিপুরে বেহাল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একক বৃহত্তম দল হয়েও উত্তর-পূর্ব ভারতের মণিপুরে সরকার গড়া কঠিন হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের পক্ষে। ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও কংগ্রেস ২৮টি আসন দখল করেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ইঙ্গিত দিয়েছে, তারা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কংগ্রেসকেই সমর্থন করবে। তৃণমূলের ১ বিধায়কের সমর্থন যোগ করলে কংগ্রেসের সঙ্গে রয়েছে ২৯। প্রয়োজন ৩১। অর্থাৎ ঘর ধরে রেখে আরও দুজন বিধায়ককে নিজেদের পালে আনতে হবে। এ কাজটাই কঠিন হয়ে উঠছে কংগ্রেস শিবিরের পক্ষে। অন্যদিকে বিজেপি পেয়েছে ২১টি আসন। অঙ্কের হিসাবে তাঁরা অনেকটাই পিছিয়ে কংগ্রেসের চেয়ে। কিন্তু রাজনীতির জটিল পাটিগণিতে এখানেও জয় বিজেপিরই। তাদের কেন্দ্রের শরিক লোকজন শক্তি পার্টির একজন বিধায়ক এবং নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের চার বিধায়ক বিজেপিকে সমর্থন করে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন বিজেপির মদদপুষ্ট সংগঠন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা নেডার সুপ্রিমো তথা আসামের মন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, মণিপুরে বিজেপির সরকার গঠন শুধুই সময়ের অপেক্ষা। অন্য ছোটখাটো দল বিজেপিকেই সমর্থন করবে বলেও তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে। ইম্ফলে বিজেপির মুখপাত্র নংথোরাম বীরেনও দাবি করেন, মণিপুরে তাঁদেরই সরকার হচ্ছে। তিনি নিজেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। অন্যদিকে রাজ্য কংগ্রেস সভাপতি টিএন হাওকিপ এখনই হাল ছাড়তে নারাজ। তাঁর দাবি, জনমত কংগ্রেসের পক্ষে। তবে বিজেপি নেতারা বিধায়ক কেনাবেচার জন্য ঝাঁপিয়ে পড়েছেন বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। কংগ্রেসের আরেক নেতা বিজয় কৈজামের দাবি, কোনো অন্যায়ের কাছে মাথানত করে সরকার গড়বেন তাঁরা। সাংবাদিকদের কাছে বিজয়ের দাবি, মণিপুরকে সাড়ে চার মাস ধরে অবরোধ করে রেখে যাঁরা রাজ্যবাসীকে দুর্ভোগের চরমসীমায় পৌঁছেছেন, তাঁদের সঙ্গে আপস নয়। প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে মিশ্র জনবসতির মণিপুর সড়কপথ অবরুদ্ধ। ইউনাইটেড নাগা কাউন্সিল এ অবরোধ চালাচ্ছে। ভোটের ফলে দেখা গেছে, নাগা এলাকাতেই খারাপ ফল করেছে কংগ্রেস। বিজেপি ও আঞ্চলিক দলের বাড়বাড়ন্তও পাহাড়ি এলাকায় নাগা অধ্যুষিত আসনগুলোতে। এদিকে মণিপুরে গতবারের প্রধান বিরোধী দল তৃণমূল এবার মাত্র একটি আসন পেয়েছে। দলের হারের জন্য বিজেপির টাকা ও জাতপাতের খেলাকেই দায়ী করছেন দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। রোববার মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানান, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেসকেই সরকার গড়ার সুযোগ দিতে বাধ্য রাজ্যপাল। তৃণমূলের কাছে কংগ্রেস সমর্থন চাইলে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তাঁরা সমর্থন করবেন বলেও আশ্বাস দিয়েছেন মুকুল রায়। তবু বল এখন রাজ্যপাল নাজমা হেফতুল্লার কোর্টে। তিনি কী করবেন, সেটাই দেখার। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত, কংগ্রেস সরকার গড়লেও সেই সরকার স্থায়ী হবে না। বিজেপি মণিপুরে সরকার গড়বেই বলে মনে করেন সাংবাদিক এলসিকে সিংও। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, নাগাদের সমর্থন নিয়ে বিজেপিই শেষমেশ সরকার গড়বে। প্রয়োজনে কংগ্রেস ভাঙতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এলসিকে।