মণিপুরে মোদির সফরে 'জন কারফিউ'-এর ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ‘জন কারফিউ’ ডেকেছে মণিপুরের জঙ্গি সংগঠনগুলি। কাল শনিবার বিজেপির পক্ষে নির্বাচনী প্রচারে মণিপুর যাওয়ার কথা মোদির।

মোদির এই সফরকে কেন্দ্র করে ছয়টি জঙ্গি সংগঠনের কোঅর্ডিনেটিং গ্রুপ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজ্যবাসীকে শনিবার সকাল ছয়টা থেকে মোদি মণিপুর ত্যাগ করার আগমুহূর্ত পর্যন্ত সার্বিক হরতাল পালনের ‘নির্দেশ’ দিয়েছে। জঙ্গিদের অভিযোগ, ‘ফের জনগণের সঙ্গে প্রতারণার জন্যই আসছেন ভারতের প্রধানমন্ত্রী। তাই জন প্রতারণা রুখতে বয়কট করতে হবে মোদির এই সফর।’

জঙ্গিদের জন কারফিউয়ের ডাক দেওয়ার পরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী ইম্ফল শহর। শনিবার মাত্র এক ঘণ্টার জন্য ভোট প্রচারে আসছেন মোদি। সেই সফরকেই বানচাল করতে চাইছে জঙ্গিরা। শহরের লাংজিং আচুবা মাঠে ভাষণ দেবেন মোদি। এই মাঠ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে, বিজেপির এক প্রার্থীর বাসভবনের সামনে থেকে শুক্রবার তাজা চাইনিজ গ্রেনেড উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। বিজেপির অপর এক প্রার্থীর বাড়ির সামনে থেকেও বিস্ফোরক উদ্ধার হয়। তবে ঘটনাস্থল মোদির প্রস্তাবিত সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে। ৪ ও ৮ মার্চ মণিপুরে ভোট। কংগ্রেস শাসনাধীন মণিপুরে এবার শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে জঙ্গিরাও নিজেদের আধিপত্য দেখাতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী গাইখাঙ্গামের গাড়িবহরেও জঙ্গিরা হামলা চালায়। তবে তিনি বা তাঁর রক্ষীরা প্রাণে বেঁচে যান।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি ১ নভেম্বর, ২০১৬ থেকে সড়ক পথে অবরুদ্ধ। নাগাদের সংগঠন ইউনাইটেড নাগা কাউন্সিল রাজ্যের দুটি সড়ক পথকেই অবরুদ্ধ করে রেখেছে। রাজ্য সরকার নতুন ৭টি জেলা গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে নাগাদের এই কর্মসূচি চলছে। ফলে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিস আকাশ পথে সরবরাহ করতে হচ্ছে। বহু আলাপ-আলোচনাতেও প্রায় চার মাস ধরে চলে আসা অবরোধ মেটার কোনো লক্ষণ নেই। ফলে ব্যাপক দুর্ভোগের মধ্যেই মণিপুরে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে।