মণিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ভারতের মণিপুর রাজ্যে ১৯ জন প্রাণ হারালেন। আহত ব্যক্তিদের সংখ্যা ৪০। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

গতকাল রোববার গভীর রাতে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সেনাপতি জেলার মারামে সেতুতে ওঠার মুখে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীসহ ১০ জনের। জখম হন আরও ৩০ জন। ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাসটি সেনাপতি থেকে ইম্ফলে আসছিলেন।
পৃথক একটি দুর্ঘটনায় আজ সোমবার ভারতীয় বেলা ১২টা ২০ মিনিট নাগাদ মণিপুরেরই ৩৭ নম্বর জাতীয় সড়কে একটি মিনিবাস খাদে পড়ে গেলে প্রাণ হারান দুই নারীসহ আটজন। আহত হন আরও সাতজন। মিনি বাসটি জিরিবাম থেকে ইম্ফলে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের ইম্ফলে চিকিৎসা চলছে। 
এ ছাড়া আরও একটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক প্রাণ হারান। তিনটি দুর্ঘটনাতেই নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে শোক জ্ঞাপন করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবম বীরেন সিং। দিল্লি সফররত মুখ্যমন্ত্রী একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করার নির্দেশও দেন। রাজ্যে পরিষদীয় সচিব (স্বরাষ্ট্র) ওয়াই সুশীন্দ্র দুর্ঘটনাস্থলগুলো পরিদর্শন করে উদ্ধারকাজ তদারকি করেন বলে জানা গেছে। একই দিনে দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনায় গোটা রাজ্যেই শোক নেমে আসে। প্রসঙ্গত, রাজ্যের দুটি জাতীয় সড়কই দীর্ঘদিন অবরুদ্ধ ছিল। ২১ মার্চ থেকে ফের চালু হয়েছে রাজ্যের জীবনরেখা বলে পরিচিত সড়ক দুটি। এক সপ্তাহের মধ্যেই দুটি বড় দুর্ঘটনা রাজ্যের সড়ক নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করাল।