মণিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে রোববার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের রাজধানী ইম্ফলে নেওয়া হয়েছে।

এই সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইম্ফলের রাষ্ট্রীয় ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকেরা।

আহত ব্যক্তিদের মধ্যে বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, রোববার ভারতীয় সময় রাত তিনটার দিকে রাজধানী ইম্ফল থেকে ৯০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। ইম্ফল অভিমুখী বাসটি সেনাপতি জেলার মাও থানার কাছে একটি সেতুতে ওঠার মুখে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।

রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বীরেন সিং বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন। সেখান থেকে পাঠানো বিবৃতিতে তিনি এই ঘটনায় শোক জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।