মণিপুরে হোলির রং ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুরে সবচেয়ে বড় উৎসব হোলি। এবার তার রংও ফিকে। ভাবতে কষ্ট হলেও এটাই বাস্তব। আমুদে মণিপুরীরা বসন্তের এই রঙিন উৎসবে পাঁচ দিন মেতে থাকেন হোলি খেলায়। কিন্তু এবার বিধানসভা ভোটের ফলাফলে আবির যেন অনেকটাই ফিকে।
মণিপুরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৬০ আসনের মধ্যে ২৮টি পেলেও বিজেপি ২২ বিধায়ক নিয়েই সরকার গঠন করতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্বাস, নাগা জাতিগোষ্ঠীর মানুষের ব্যাপক সমর্থন বিজেপির এ সাফল্যের প্রধান সূত্র। এটা মেনে নিতে পারছেন না রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই বা আদি মণিপুরীরা। তাই হোলির সেই জোশ দেখা যাচ্ছে না। আনুষ্ঠানিকতার সবই হচ্ছে, কিন্তু উন্মাদনা উধাও।
মণিপুরে দীর্ঘদিন ধরেই আদি মণিপুরীদের সঙ্গে পাহাড়ি জনজাতির সংঘর্ষ লেগে রয়েছে। এত দিন কংগ্রেস উভয় সম্প্রদায়কে নিয়ে ভারসাম্য বজায় রেখে চলত। কিন্তু বিজেপি এবার সরকার গড়ছে নাগাদের আধিপত্যকে বাড়তি মর্যাদা দিয়ে। নাগা বা রাজ্যের অন্যান্য পাহাড়ি জনজাতির মানুষ ধর্মবিশ্বাসে খ্রিষ্টান হলেও বিজেপি তাঁদের মধ্যেও জনপ্রিয়তা ব্যাপক বাড়িয়ে তুলতে পেরেছে।
মণিপুর রাজবাড়ির বংশধর রাজকুমার কল্যাণজিৎ সিং বলেন, ‘সবাই অংশ নিচ্ছেন এ উৎসবে। ধর্মপ্রাণ মণিপুরীদের কাছে হোলি বা ইয়াওশাং অত্যন্ত পবিত্র। কিন্তু রাজনৈতিক কারণে এবার ছবিটা একটু অন্য রকম।’
উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও হোলি খেলা চলছে। আসামে অবশ্য একদিনই রং খেলা হয়। বাঙালিদের পাশাপাশি অসমীয়ারাও মেতে উঠেছেন উৎসবে। রং খেলা হচ্ছে ত্রিপুরাতেও।